ঢাকা-ইস্তাম্বুল রেল করিডর হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুল-তেহরান-ইস্তাম্বুল রেল করিডরকে দিল্লি-কলকাতা-ঢাকা পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসক্যাপ)। আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যিক পরিবহনের পাশাপাশি ইউরোপের সঙ্গে এশিয়ার সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে এই রেল করিডর।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় আন্তসীমান্ত রেলসংযোগের সম্ভাব্যতা পরীক্ষা করে দেখতে ভারতীয় রেলওয়ের সহযোগিতায় নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করে এসক্যাপ। সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও রাশিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে গত বুধবার এসক্যাপের কর্মকর্তা ম্যাথিউ হামিল বলেন, ইস্তাম্বুল-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) কনটেইনার রেল করিডর দিল্লি-কলকাতা-ঢাকা (ডিকেডি) পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই আইটিআই-ডিকেডি করিডর ভবিষ্যতে ইয়াঙ্গুন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
এসক্যাপের ওই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের রেল করিডর আফগানিস্তান, নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র এবং এর পাশাপাশি মধ্য এশিয়ার দেশগুলোর জন্য মাল্টিমডেল লিংকেজ সুবিধা দেবে। এ ছাড়া আন্তআঞ্চলিক বাণিজ্য এবং ইউরোপের সঙ্গে এশিয়ার যোগাযোগ স্থাপনে এই রেল রুট গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।