ঢাকা উড়ালসড়কের নির্মাণ শুরু ১৬ আগস্ট
১৬ আগস্ট থেকে ঢাকা উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ওই দিন নির্মাতা প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানিকে প্রকল্পের জমি বুঝিয়ে দেওয়া হবে।
গতকাল রোববার থাইল্যান্ডের ব্যাংককে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ইতাল-থাই কোম্পানির চেয়ারম্যান প্রেমচাই কর্নসুতা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। ওবায়দুল কাদের জাপান সফরের উদ্দেশে শনিবার ঢাকা ছাড়েন। পথে ব্যাংককে যাত্রাবিরতি দিয়ে ওই বৈঠকটি করেন মন্ত্রী। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এসব তথ্য জানান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার উড়ালসড়ক হবে প্রকল্পের অধীনে। ফার্মগেটসহ ৩১টি স্থানে যানবাহন ওঠা-নামার পথ (র্যা ম্প) থাকবে। র্যা ম্পসহ উড়ালসড়কের দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে নেওয়া প্রকল্পের জন্য ইতাল-থাই কোম্পানি ব্যয় করবে প্রায় ৯ হাজার কোটি টাকা। জমি অধিগ্রহণ, পুনর্বাসনসহ আনুষঙ্গিক কাজে ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় হবে সরকারের।
২০১০ সালের ইতাল-থাই কোম্পানির সঙ্গে সেতু বিভাগের চুক্তি হয়। পরের বছর এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের কাজের উদ্বোধন করেন। তিন বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শুরুই হয়নি। সেতু বিভাগ সূত্র জানায়, ইতাল-থাই কোম্পানি সময়মতো অর্থ সংগ্রহ করতে পারেনি। সরকারও সময়মতো জমি অধিগ্রহণ করতে পারেনি। ফলে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। ইতাল-থাই কোম্পানি নির্মাণকালীন তিন বছরসহ ২৫ বছরে টোল আদায় করে বিনিয়োগ তুলে নেবে।