ঢাকা উত্তর এলাকায় আরও তিনটি অস্থায়ী হাট বসছে

ঈদুল আজহা উপলক্ষে আরও তিনটি অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগের ছয়টি হাট মিলে এবার ডিএনসিসি এলাকায় অস্থায়ী হাটের সংখ্যা দাঁড়াল নয়টিতে। তবে রায়েরবাজার এলাকায় অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্তটি আপাতত স্থগিত করেছে ডিএনসিসি।
ডিএনসিসি সূত্রে জানা যায়, বাড্ডা (ইন্দুলিয়া, দাউদকান্দি, বাঘাপুর) পশুর হাট, আশিয়ান সিটি হাউজিং পশুর হাট ও ভাটারা (সাইদনগর) পশুর হাটের ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই তিনটি হাটের ইজারা দিত ঢাকা জেলা প্রশাসন। এই তিনটি হাটের জন্য দরপত্র দাখিলের শেষ সময় আগামী ১১ আগস্ট।
এর আগে ডিএনসিসি ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করেছিল। এর মধ্যে কুড়িল ফ্লাইওভার-সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের পাশের বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও আশপাশের খালি জায়গার নির্ধারিত হাটের কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ইজারা দেওয়া হয়নি। এই হাটটি ইজারার জন্য পুনরায় দরপত্র আহ্বান করেছে ডিএনসিসি।
গত ১৮ জুলাই হাটের দরপত্র মূল্যায়ন কমিটি পাঁচটি হাটের ইজারা চূড়ান্ত করার সুপারিশ করেছিল। পরে রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে হাট বসানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। এই হাটটির এবারের সর্বোচ্চ দর উঠেছে এক কোটি টাকা, যা আগের বছরের ইজারার তুলনায় দ্বিগুণ।
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমানের আপত্তির কারণে রায়েরবাজারে হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন রায়েরবাজার হাটটি বসাতে চায়। কিন্তু একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীর ইজারাদারের আপত্তির কারণে আপাতত স্থগিত করা হয়েছে। তবে দরপত্র মূল্যায়ন কমিটি হাটটি বসানোর অনুমতি দিয়েছিল।
মোহাম্মদপুর এলাকার ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রায়েরবাজারের হাটটি থাকায় ধানমন্ডি, মোহাম্মদপুর, বছিলা, আগারগাঁও এলাকার লোকজন উপকার হয়। হাটটি স্থগিত করলে এলাকাবাসীর যেমন সমস্যা হবে, তেমনি সিটি করপোরেশন কোটি টাকার রাজস্ব হারাবে। সবার সুবিধা বিবেচনায় হাটটি থাকা উচিত।’