ঢাকা উত্তর নিয়ে বিএনপির দুশ্চিন্তা, দক্ষিণে আব্বাস
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিএনপি। চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেখানে উপযুক্ত প্রার্থী কে হতে পারেন, তা নিয়ে ভাবছে দলের শীর্ষ নেতৃত্ব। তবে মিন্টু গতকাল বৃহস্পতিবার আপিল করায় শেষ পর্যন্ত প্রার্থিতা ফেরত পাবেন বলে আশা করছে দল।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত উত্তরে প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে না। অন্যদিকে দক্ষিণে মির্জা আব্বাসকে সমর্থন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে সেখানে কোন্দল মাথাচাড়া দিতে পারে। এখন পর্যন্ত বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতা দক্ষিণের বৈধ প্রার্থী। তাঁরা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অর্থবিষয়ক সম্পাদক এম এ সালাম ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
সূত্র জানায়, ঢাকা দক্ষিণ থেকে মির্জা আব্বাসকে বিএনপি সমর্থন দেবে, এটা প্রায় চূড়ান্ত। তবে এখানে কিছু কোন্দল আছে। মহানগরের সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও বর্তমান আহ্বায়ক মির্জা আব্বাসের পুরোনো দ্বন্দ্ব এখন নতুন করে আলোচনায় এসেছে। আব্বাস-সমর্থকদের সন্দেহ, সালামকে প্রার্থী করেছেন খোকা। কারণ, সালামের মনোনয়ন-সংক্রান্ত সব কাজ যিনি করেছেন, তিনি খোকার অত্যন্ত ঘনিষ্ঠ।
বিএনপির সূত্র জানায়, এখন সিটি নির্বাচনে দলের মূল দৃষ্টি ঢাকা উত্তরের দিকে। শুরু থেকেই ঢাকা উত্তরে বিএনপির একক প্রার্থী ছিলেন মিন্টু। যে কারণে অন্য কেউ ওই এলাকা থেকে মনোনয়নপত্র নেননি। দলের শীর্ষ পর্যায়ের আশঙ্কা ছিল, সরকার মিন্টুর মনোনয়নপত্র বাতিল করাতেও পারে। সে জন্য খালেদা জিয়ার সম্মতিতেই মনোনয়নপত্র কিনেছিলেন মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। কিন্তু মিন্টুর ভুলেই মনোনয়নপত্র বাতিল হয়। তবে ছেলের মনোনয়ন বৈধ। এ নিয়ে গত দুদিনে বিএনপির ভেতরে নানামুখী আলোচনা চলছে।
দলীয় নেতারা জানান, এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব মিন্টুর বাইরে কিছু ভাবছেন না। কিন্তু মিন্টু প্রার্থিতা ফিরে না পেলে তাঁর ছেলে বিএনপির সমর্থন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তাঁরা আশা করছেন মিন্টুর আবেদন বিবেচনা করা হবে। না হলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, মিন্টুর ছেলেকে সমর্থন দেওয়া উচিত।
তবে পাশাপাশি নেতারা এ কথাও ভাবছেন যে রাজনীতিতে তাবিথ আউয়ালের কোনো পরিচিতি বা অভিজ্ঞতা নেই। তাঁকে আনিসুল হকের মতো পরিচিত প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবা যাচ্ছে না।
এ ছাড়া বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী ঢাকা উত্তরের প্রার্থী। তিনি বিএনপির সাবেক মহাসচিব বর্তমানে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। মাহি নিজেও বিএনপিদলীয় সাংসদ ছিলেন। তাই এখন বিএনপির কেউ কেউ বিকল্প ধারার মাহিকে বিকল্প হিসেবে দেখছেন। তবে এ নিয়ে দলে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
মিন্টুর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, আবদুল আউয়াল মিন্টুর ব্যক্তিগত কোনো অযোগ্যতার জন্য মনোনয়নপত্র বাতিল হয়নি। তিনি একটি সাধারণ ভুল করেছেন। আশা করি, কমিশন মনোনয়ন বৈধ করবে।
এর পক্ষে যুক্তি হিসেবে মিন্টুর আইনজীবীরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর (১৪) ৩ নম্বর বিধির কথা বলছেন। ওই বিধিতে আছে, ‘রিটার্নিং অফিসার গুরুতর নহে এইরূপ কোনো ত্রুটির কারণে কোনো মনোনয়নপত্র বাতিল করিবেন না এবং অনুরূপ ত্রুটি অবিলম্বে সংশোধন করিবার জন্য সুযোগ প্রদান করিতে পারিবেন; এবং রিটার্নিং অফিসার ভোটার তালিকায় লিপিবদ্ধ কোনো বিষয়ের শুদ্ধতা বা বৈধতা সম্পর্কে তদন্ত করিতে পারিবেন না।’
মাহবুবউদ্দিন খোকন জানান, সিটি করপোরেশনের মানচিত্রে উত্তরা ১৬ নম্বর সেক্টর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। মিন্টুর মনোনয়নপত্রের সমর্থক আবদুর রাজ্জাক উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা। দেখা গেছে, এই সেক্টরের অনেকে উত্তর সিটি করপোরেশনের ভোটার। মিন্টুর আইনজীবীরা নির্বাচন কমিশনে আপিলে ১৩ নম্বর সেক্টরের একাধিক ভোটারের নাম জমা দিয়েছেন বলে জানা গেছে।