ঢাকা উত্তর সিটির উন্নয়ন প্রকল্প স্থগিত রাখতে ইসির চিঠি
ঢাকা উত্তর সিটির গুলশান, বনানী ও বারিধারায় রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২০০ কোটি টাকার প্রকল্পের কাজ স্থগিত রাখতে বলেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে অনুরোধ জানিয়ে গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য জানায়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব সামছুল আলমের সই করা চিঠিতে বলা হয়েছে, উত্তর সিটির ১০টি ওয়ার্ডের উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপিত হতে যাচ্ছে। প্রকল্পের উদ্যোক্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আচরণবিধি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের প্রকল্প অনুমোদন করা যাবে না।
চিঠিতে বলা হয়, ২৯ মার্চ পরিপত্রের মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে কোনো ধরনের অনুদান, ত্রাণ বিতরণ ও প্রকল্প অনুমোদন স্থগিত রাখতে বলা হয়। পরিপত্রটি স্থানীয় সরকার বিভাগ জারি করেছে কি না, জারি না করলে তা অবিলম্বে জারি করে প্রকল্পের কাজ স্থগিত রাখার অনুরোধ করা হলো।