
রাজধানীর উন্নয়নে ও নগরবাসীর সুবিধার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যেকোনো কাজে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পত্রিকার সম্পাদকেরা। তবে ডিএনসিসির কোনো কাজে দুর্নীতি হলে তার কঠোর সমালোচনা করা হবে বলেও তাঁরা জানান।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার ডিএনসিসির আয়োজনে মেয়র আনিসুল হকের সঙ্গে এক মতবিনিময় সভায় সম্পাদকেরা এ প্রতিশ্রুতি দেন।
সভার শুরুতেই মেয়র আনিসুল হক তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে গত আট মাসে নাগরিক সুবিধার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতে কী করবেন, তা তুলে ধরেন। তিনি বলেন, পরিচ্ছন্ন, অবৈধ দখলমুক্ত এবং পার্কিং ও যানজটমুক্ত ঢাকা শহর গড়ে তোলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সিটি করপোরেশনের অনেক বদনাম আছে, ভুল-বোঝাবুঝি থাকতে পারে। তবে সিটি করপোরেশনের কর্মচারীরা কাজ করার চেষ্টা করছেন।
মেয়র জানান, নাগরিক সুবিধার্থে ইতিমধ্যে ডিএনসিসি সড়ক থেকে বর্জ্য সরাতে ৭২টি অস্থায়ী ট্রান্সফার স্টেশন বানানো, প্রায় ২০ হাজার বিলবোর্ড অপসারণ, যানজট কমাতে গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ২১টি ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপার সেতু বানানো, ১০টি এলাকার সড়ক অবৈধ পার্কিংমুক্ত করা অন্যতম।
তবে সিটি করপোরেশন যত কাজই করুক না কেন, জনগণ যদি সচেতন না হয়, তবে কোনো কাজই ফলপ্রসূ হবে না বলে মনে করেন আনিসুল হক। এ সময় তিনি রাজধানীবাসীর মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির জন্য প্রতিটি ছাপা পত্রিকায় একটি স্থায়ী জায়গা বরাদ্দ রাখার আহ্বান জানান।
সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার মেয়রকে বলেন, ‘আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন তা বাস্তবায়নের পথ কণ্টকাকীর্ণ হবে। ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফ মেট্রোপলিটন সরকারের কথা বলেছিলেন। এটা ছাড়া আপনি যেসব কাজ বলেছেন সেগুলো সম্ভব নয়।’ তিনি বলেন, আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা কঠিন হবে। এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণের শুরুতেই গলদ রয়ে গেছে।
ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘রাজধানীর উন্নয়নে ও সচেতনতা সৃষ্টিতে সিটি করপোরেশনের যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন, তা আমরা দেব।’
জনকণ্ঠ-এর সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ বলেন, ফুটপাত দখল, অবৈধ কার পার্কিং ও যানজট ওতপ্রোতভাবে জড়িত। একটি জায়গায় নির্দিষ্ট সময় পরপর উচ্ছেদ চালালে একসময় অবৈধ দখলদার মুক্ত করা সম্ভব হবে বলে তিনি মত দেন। কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন মেয়রকে বলেন, ‘স্বপ্ন দেখতে শুরু করেছি, ঢাকার চেহারা বদলাবে। অতীতে বহুবার অনেকে স্বপ্ন দেখিয়েছেন। আপনার কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই।’
ঢাকার নিবন্ধনবিহীন রিকশার বিষয়ে সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে উল্লেখ করেন মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলক্রসিং পর্যন্ত সড়ক অবৈধ ট্রাক পার্কিংমুক্ত করা হলেও রাতের বেলায় সড়কে ট্রাক রাখা হয়। অবৈধ দখলদারেরা ফেরত আসতে শুরু করেছে।’
বর্জ্য অপসারণ থেকে শুরু করে সচেতনতা তৈরিসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের যুক্ত করার পরামর্শ দেন ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধিকে ইঙ্গিত করে বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম বলেন, ‘একটা ফ্লাইওভারের কাজ শুরু হলো, বছরের পর বছর চলছে। খরচ বাড়ছে। অনির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারে না।’ ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান পরিবেশবান্ধব বাইসাইকেল চালানোকে উৎসাহিত করার পরামর্শ দেন।
সভায় নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বার্তা সংস্থা ইউএনবির ব্যুরো প্রধান মাহফুজুর রহমান, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।