ঢাকা উত্তর সিটির জন্য প্রথম উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সিটি নির্বাচনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য প্রথম উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও মেরামত করা হবে। পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। এ প্রকল্পের মেয়াদ ২০১৫ সালের মার্চ থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত।
এ প্রকল্প প্রস্তাব অনুযায়ী, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রায় ৪০ কিলোমিটার সড়ক, ৫৬ কিলোমিটার খোলা ড্রেন, ২৫ কিলোমিটার পাইপ ড্রেন ও ৫৬ কিলোমিটার ফুটপাত ও সড়ক সংস্কার করা হবে। পরিকল্পনা কমিশন বলছে, এ এলাকায় কূটনৈতিক পল্লি, অধিকাংশ করপোরেট প্রতিষ্ঠান ও অন্য গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ এলাকা থেকে সর্বাধিক রাজস্ব আদায় হয়। এর আগে এ এলাকার জন্য পৃথক প্রকল্পের মাধ্যমে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়নি।
পরিকল্পনা কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, গুলশানের পশ্চিমাংশ, বনানী ও বারিধারার কে ব্লকের পয়োনিষ্কাশন ব্যবস্থা ত্রুটিপূর্ণ। এ ছাড়া বারিধারার জে ব্লকের বিদ্যমান সড়ক ও পয়োনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হকের জন্য এটি প্রথম প্রকল্প। তিনি (আনিসুল হক) করিতকর্মা লোক। তাঁর সঙ্গে বিদেশিদের ভালো সম্পর্ক রয়েছে। তাই সিটি করপোরেশনের বিভিন্ন প্রকল্পে বিদেশি সহায়তা আনতে পারবেন। তিনি জানান, শিগগিরই নবনির্বাচিত তিন মেয়রের তিন বছরের উন্নয়ন পরিকল্পনা জানতে চাওয়া হবে।
গতকাল একনেক সভায় এ প্রকল্পটিসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৯১০ কোটি টাকা। এর মধ্যে সরকার দেশজ উৎস থেকে দেবে ১ হাজার ৭৯৬ কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থাগুলো দেবে ১১৪ কোটি টাকা।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৫৪৫ কোটি টাকা ব্যয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প; ১৫৮ কোটি টাকা ব্যয়ে মহিপাল উড়ালসড়ক নির্মাণ প্রকল্প; ৭৩ কোটি টাকা ব্যয়ে সোনাগাজী-ওলামাবাজার-চরদরবেশপুর-কোম্পানীগঞ্জ সড়কে ষষ্ঠ কিলোমিটারে ছোট ফেনী নদীর ওপর ৪৭৮ দশমিক ১৭১ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প; ৫০ কোটি টাকা ব্যয়ে ছয়টি জেলা পাবলিক লাইব্রেরির উন্নয়ন প্রকল্প; ১৫ জেলা শিল্পকলা একাডেমীর নবায়ন, সংস্কার ও মেরামত প্রকল্প; ৩৮০ কোটি টাকা ব্যয়ে পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প: পার্বত্য চট্টগ্রাম প্রকল্প (২য় পর্যায়); ২৪২ কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়); ১৪৬ কোটি টাকা ব্যয়ে টিকা উৎপাদন প্রযুক্তি আধুনিকায়ন ও গবেষণার সম্প্রসারণ এবং ৭৬ কোটি টাকা ব্যয়ে মহিষ উন্নয়ন (কম্পোনেন্ট এ+বি) প্রকল্প।