ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি

বগুড়ার শেরপুর পৌরসভার ধুনট রোড এলাকায় মহাসড়কের ওপর স্থাপন করা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে যানবাহন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। প্রায় এক মাস ধরে খুঁটিটি হেলে পড়লেও সংশ্লিষ্ট বিভাগ তা মেরামতের কোনো উদ্যোগই নিচ্ছে না। এ অবস্থায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
স্থানীয় মোটর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, হেলেপড়া খুঁটিটি দ্রুত অপসারণ করা না হলে যেকোনো সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়তে পারে।
শেরপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক দিয়ে প্রতিদিন অন্তত সাত-আট হাজার যানবাহন চলাচল করে। প্রায় এক মাস আগের এক রাতে কোনো একটি গাড়ির ধাক্কায় খুঁটিটি হেলে পড়ে।
শেরপুর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ উদ্দিন আহমেদ বলেন, পৌর শহরের মহাসড়ক এলাকা আলোকসজ্জিত করার জন্য প্রায় ছয় বছর আগে মহাসড়কের মাঝ দিয়ে খুঁটিগুলো স্থাপন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। খুঁটিটি হেলে পড়ার বিষয়টি তিনি পৌরসভার প্রকৌশল বিভাগকে অবগত করেছেন।
ট্রাকচালক আলমগীর হোসেন বলেন, মহাসড়কের ওই স্থান দিয়ে পাশাপাশি দুটি যান চলাচল করলে হেলে পড়া খুঁটির সঙ্গে ধাক্কা লাগবে। হেলেপড়া খুঁটিটি দ্রুত অপসারণের দাবি করেন তিনি।
শেরপুর পৌরসভার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ধুনট রোড এলাকায় ওই হেলেপড়া বৈদ্যুতিক খুঁটির বিষয়ে তাঁরা অবহিত আছেন।