ঢাকা উত্তরে পাঁচ লাখ চারা লাগানো শুরু
সবুজ ঢাকা গড়ে তুলতে পাঁচ লাখ গাছের চারা রোপণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃক্ষরোপণ নিয়ে জনসচেতনতা তৈরিবিষয়ক এক কর্মশালায় তিন-চার বছরের মধ্যে সবুজ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন মেয়র আনিসুল হক।
মেয়র বলেন, ‘এক বছর আগে যখন সবুজ ঢাকার এ চিন্তা করা হয় তখন ভয় ছিল, এটা করা সম্ভব কি না। কিন্তু এখন মনে হচ্ছে, এটা বাস্তবায়ন করা সম্ভব। উত্তরার অভিজ্ঞতা সাহস দিচ্ছে সামনে যাওয়ার।’
‘সবুজ ঢাকা’ গড়ার পাইলট প্রকল্প হিসেবে এলাকায় ২৯ হাজার গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৮ হাজার ৭৪৪টি চারা লাগানো হয়েছে। এ মাসেই বাকি গাছ লাগানো শেষ হবে বলে কর্মশালায় জানানো হয়। এ পাইলট প্রকল্পের অভিজ্ঞতা রাজধানীর অন্যান্য এলাকায় বৃক্ষরোপণের ক্ষেত্রে কাজে লাগানোর কথা বলেন আনিসুল হক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে ‘সবুজ ঢাকা’ কর্মসূচিতে বিশ্বসাহিত্য কেন্দ্র সহযোগিতা করছে। ‘সবুজ ঢাকা’ প্রকল্পে সম্পৃক্ত হয়ে নিজের স্বপ্নপূরণের পথ দেখছেন বলে জানান বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
রাজধানীর বাড়িগুলোয় গাছ লাগানোর জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আক্ষেপ করেন আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল বৃক্ষহীন, ইট-পাথরের শহরকে সবুজে পরিণত করা। এখন স্বপ্নপূরণের সুযোগ এসেছে। ঢাকায় এমনভাবে গাছ লাগাব, যেন কোনো বাড়ি দেখা না যায়।’
নগরে বৃক্ষরোপণের সময় ফলদ গাছ লাগানোর পরামর্শ দেন নিসর্গবিদ দ্বিজেন শর্মা। বনের বিচিত্র গাছগুলো শহরে নিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমাদের বনে খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে। কিন্তু সংরক্ষণের অভাবে তা হারিয়ে যাচ্ছে। সেসব গাছ শহরের সড়কে লাগালে একদিকে শহরের সৌন্দর্যবৃদ্ধিও হবে, আবার গাছগুলোও টিকে থাকবে।’
ডিএনসিসি আয়োজিত এক দিনের এই কর্মশালায় বাড়িতে গাছ লাগানোর পদ্ধতি, গাছ লাগানোর উপযুক্ত সময়, গাছের পরিচর্যার সঠিক নিয়ম এবং রাজধানীর কোথায় কোথায় ভালো গাছ পাওয়া যায়, সেসব বিষয়ে ধারণা দেওয়া হয়।
কর্মশালায় উত্তরা এলাকার বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহনাজ পারভিন বক্তব্য দেন।