ঢাকা উত্তরে বড় সমস্যা মশা!
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬৮ দশমিক ৩ শতাংশ অধিবাসী মনে করেন, এখানকার মূল সমস্যা মশা। এ ছাড়া পথঘাটের বেহাল দশা, বাড়ি ভাড়ার সমস্যা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থাসহ নানা ধরনের সমস্যা আছে বলে মনে করেন এ অঞ্চলের লোকজন।
আওয়ামী লীগ-সমর্থিত ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হকের নির্বাচনী প্রচারবিষয়ক সংগঠন ‘আমরা ঢাকা’র এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। পেশাদার জরিপকারী প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড কনসালটিং লিমিটেডের (আইআরসি) জরিপটি পরিচালনা করে। আজ সোমবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টার মিলনায়তনে জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরা হয়।
জরিপ অনুযায়ী, ঢাকা উত্তরের ৪৪ শতাংশ অধিবাসীর মতে পথঘাটের বেহাল দশা, ৩৭ দশমিক ৫ শতাংশের মতে বাড়ি ভাড়ার সমস্যা, ৩০ শতাংশের মতে ড্রেনেজ সমস্যা, ২৭ দশমিক ২ শতাংশের মতে মাদক, ২৫ দশমিক ৪ শতাংশের মতে পরিবেশ দূষণ ও ২৫ দশমিক ২ শতাংশের মতে বেকারত্বই রাজধানীর উত্তর অঞ্চলটির মূল সমস্যা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনিসুল হক বলেন, ‘ঢাকার এই সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। এবার আমি মেয়র নির্বাচিত হলে এর সমাধানের জন্য কাজ করব।’
সরকার-সমর্থক প্রার্থী হিসেবে আপনি কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন কি না?—একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘বর্তমানে যে সরকার দেশের ক্ষমতায় আছে, তারা আইনগত ও বৈধভাবে আরও সাড়ে তিন বছর ক্ষমতায় থাকবে। ফলে সরকার-সমর্থক প্রার্থী নির্বাচিত হলে তা নগরবাসীর জন্য ভালো হবে। কারণ, এমন লোকেরই নির্বাচিত হতে হবে, যাঁর নগর-আইন প্রয়োগের ক্ষমতা রয়েছে। ফলে সরকার-সমর্থক প্রার্থী হিসেবে কিছু সুবিধা তো আছেই।’
নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম জরিপ অনুষ্ঠানে আনিসুল হকের মতো একজন প্রার্থীকে আওয়ামী লীগ সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এই নির্বাচন পেট্রলবোমার হামলা বন্ধ করেছে। নির্বাচনের পরেও যাতে পেট্রলবোমা বন্ধ থাকে, সে জন্য ভোটারদের সোচ্চার হতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) নগরবিষয়ক বিভাগের প্রধান স্থপতি ইকবাল হাবিব ঢাকা শহরের সমস্যা চিহ্নিত করতে আনিসুল হকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা এমন মেয়র-ই চাই, যিনি রাজধানীর এসব সমস্যার সমাধান করবেন।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক।