ঢাকা উত্তরে মনোনয়নপত্র জমা দিলেন চারজন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজ রোববার বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক, সাবেক সাংসদ ও চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী ও নাইম হাসান নামে এক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আবদুল আউয়াল মিন্টু
আজ দুপুরে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তাঁর দুই ছেলে তাফসির আউয়াল ও তাজোয়ার আউয়াল । তবে মেয়র পদপ্রার্থী হিসেবে মিন্টুর আরেক ছেলে তাবিদ আউয়ালের পক্ষে এক প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেলা একটা পাঁচ মিনিটে নিজেকে তাবিদের প্রতিনিধি দাবি করে সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যক্তি ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবার পক্ষে তাফসির আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এর মধ্যে যদি মনে হয় যে, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, তাহলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে।’
বাবার পর মেয়র পদে ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে তাফসির আউয়াল সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না। আমরা বাবার পক্ষেই মনোনয়নপত্র জমা দিতে এসেছি।’
আনিসুল হক
আবদুল আওয়াল মিন্টুর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক। তাঁর সঙ্গে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রাজ্জাক, ফারুক খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আনিসুল হক সাংবাদিকদের বলেন, নতুন বড় দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী সমর্থন দিয়েছেন, এটা একটা বড় শক্তি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী ঘরোয়া পরিবেশে আলোচনা করেছেন। আমি তো সরকারি দলের প্রার্থী না। সরকারি দল আমাকে সমর্থন দিয়েছে।’
নির্বাচন কমিশনের নির্ধারণ করা নির্বাচনী ব্যয় সীমা মানা সম্ভব কি না-এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘এটা চ্যালেঞ্জিং বিষয়। তবে আমি মেনে চলব।’
সারাহ বেগম কবরী
আনিসুল হকের কিছুক্ষণ পরই মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন সারাহ বেগম কবরী।
আওয়ামী লীগের সমর্থিত এক প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আওয়ামী লীগ আপনাকে সমর্থন দেয়নি, তা সত্ত্বেও কেন মেয়র পদে লড়ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কবরী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট। আমি দোয়া চেয়েছি, উনি আমাকে দোয়া দিয়েছেন। স্থানীয় নির্বাচন দলীয় নির্বাচন নয়, এটা যার যার নির্বাচন। প্রধানমন্ত্রী তো আমাকে সরে যেতে বলেন নাই। আমি রাজনীতি করেছি, সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, ফলে আমিই সবচেয়ে পরীক্ষিত ব্যক্তি। উনি (আনিসুল হক) কীভাবে সমর্থন পেলেন, জানি না।’
এখনো তো সময় আছে, প্রধানমন্ত্রী যদি বলেন, আপনি সরে দাঁড়াবেন কি না-এমন প্রশ্নের জবাবে কবরী বলেন, ‘প্রধানমন্ত্রী যদি বলেন, তাহলে আমি ভেবে দেখব।’
ঘোড়ায় চড়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জরিমানা
এদিকে ঘোড়ায় চড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জরিমানা দিতে হয়েছে নাইম হাসান নামে এক ব্যক্তিকে। মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন:
বাবা-ছেলে মেয়র পদপ্রার্থী!