ঢাকা উত্তরে মেয়র পদে ১৬, দক্ষিণে ২০ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে উত্তরে মেয়র পদের ভোটযুদ্ধে ১৬ জন এবং দক্ষিণে ২০ জন টিকে রইলেন। আর কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৮৪৬ জন।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই সিটিতে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন সাতজন। উত্তরে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সারাহ্ বেগম কবরী, ববি হাজ্জাজ ও মোস্তফা কামাল আজাদী। দক্ষিণে প্রত্যাহার করেছেন বিএনপির নেতা আবদুস সালাম ও কাজী আবুল বাশার, ইমতিয়াজ আলম ও মোহাম্মদ রিয়াজউদ্দিন।
আজ শুক্রবার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ হবে ২৮ এপ্রিল।
দলীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ ও হতাশা জানিয়ে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ৪৪৪ জন। উত্তরে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসে প্রার্থীদের অনেকেই জানান, দলীয় চাপে তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। এঁদের বেশির ভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। তবে এ তালিকায় বিএনপিরও অনেক প্রার্থী রয়েছেন।
উত্তর সিটিতে বর্তমানে মেয়র পদে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রইলেন আওয়ামী লীগ-সমর্থিত আনিসুল হক, বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, বিকল্পধারা বাংলাদেশের মাহী বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির বাহাউদ্দিন আহমেদ, গণসংহতির জোনায়েদ আবদুর রহিম সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আবদুল্লাহ আল ক্কাফী, জাসদের নাদের চৌধুরী প্রমুখ।
দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রার্থীর মধ্যে আছেন আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ সাঈদ (সাঈদ খোকন), বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান (রিপন), সাবেক সাংসদ গোলাম মাওলা (রনি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ঢাকা উত্তর সিটিতে ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ২৭৭ জন এবং নারীদের জন্য সংরক্ষিত ১২টি ওয়ার্ডে ৮৮ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাধারণ ওয়ার্ডে ১৬৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ২৫ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩৮৬ এবং সংরক্ষিত পদে ৯৫ জন। প্রত্যাহার করেছেন সাধারণ ওয়ার্ডে ২০১ এবং সংরক্ষিত পদে ৪৯ জন। সব মিলিয়ে দুই সিটিতে কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৮৪৬ জন। ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে দুই সিটিতে মোট প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ২৫৭ জন।
বিকেলে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা শাহ আলমের দপ্তরে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ্ বেগম কবরী। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইচ্ছে ছিল নির্বাচন করার, কিন্তু বিধি বাম। টাকা নেই, লোকবলও নেই। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো। এ বিষয়ে প্রধানমন্ত্রী আমাকে সরাসরি কিছু বলেননি। তবে তাঁর কথায় মনে হয়েছে, তিনি চান না আমি নির্বাচন করি। সে জন্যই সরে দাঁড়ালাম।’
সরকারি দল-সমর্থিত প্রার্থী আনিসুল হক চাইলে তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলেও জানান কবরী।
প্রত্যাহার করা কাউন্সিলর পদপ্রার্থীদের ক্ষোভ-হতাশা: উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘কপালে নেই। দয়া করে কাউকে প্রত্যাহারপত্র দেখাবেন না।’
সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের নাসিমা ইসলাম বলেন, ‘প্রত্যাহার করছি। তবে প্রার্থীদের একজনকেও মণিপুরিপাড়ায় ঢুকতে দেব না।’
১ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল ইসলাম বলেন, ‘সাহারা খাতুন ও দীপু মনি সমঝোতার কথা বলে আমার কাছ থেকে সই নিয়েছেন। এখন শুনছি ওটা প্রত্যাহারপত্র ছিল।’
জাতীয় দলের সাবেক ফুটবলার ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল গাফফার জানান, সাংসদের অনুরোধে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র আগেই প্রত্যাহার হয়েছে। আজ তাঁরা মনোনয়নপত্র বহাল রাখার আবেদন নিয়ে এসেছেন। তাঁদের অভিযোগ, চাপ প্রয়োগ করে তাঁদের কাছ থেকে প্রত্যাহারপত্রে সই নেওয়া হয়। কিন্তু আইনগত কারণে তাঁদের আবেদন গ্রহণ করা হয়নি।