
পুলিশি রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যখন হাসপাতালে সংকটপূর্ণ পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) রয়েছেন, তখন তাঁর সংগঠন ঘোষণা করেছে যে তাঁকে ঢাকা উত্তরে মেয়র প্রার্থী করা হবে।
সংগঠনের উপদেষ্টা এস এম আকরাম গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন। তিনি বলেন, মান্না জেলে থাকুক আর বাইরে থাকুক, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হবেন। এর আগে যখন সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল, তখন তিনি মেয়র প্রার্থী হিসেবে জনসংযোগ করে ব্যাপক সাড়া পেয়েছিলেন।
মান্নার মুক্তির দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হাইকোর্টের দায়িত্ব সুয়োমোটো করে মান্নাকে বের করে আনা। কারণ, মান্না কী বলেছে সেটা পরিষ্কার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দাবি করেন, মাহমুদুর রহমান মান্নার টেলিফোনের কথোপকথন গণমাধ্যমে বিকৃতভাবে এসেছে। গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করার জন্য তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। তিনি মান্নার সঙ্গে টেলিফোনে আলাপকারী অজ্ঞাতনামা ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এ প্রশ্ন তুলে বলেন, তাঁদের কথোপকথন শুনে মনে হয়েছে অজ্ঞাতনামা ওই ব্যক্তি মান্নাকে প্ররোচিত করেছেন।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ফজলুল হক সরকার সমাবেশে সভাপতিত্ব করেন।
সিসিইউতে মান্না: এদিকে দ্বিতীয় দফা ১০ দিনের রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়া মাহমুদুর রহমান মান্নাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ বিষয়ে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মান্না অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করেন। তাঁর চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। হৃদ্রোগ বিভাগের প্রধান আবদুল ওয়াদুদ চৌধুরী এই বোর্ডের প্রধান। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা মান্নাকে হাসপাতালে ভর্তি রাখার পক্ষে মত দেন।
মান্না পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছেন কি না, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, আইন মেনেই তাঁকে জেরা করা হচ্ছে। কারও প্রতি কোনো ধরনের নির্যাতনমূলক আচরণ করা হয়নি। তিনি বলেন, মানুষ যেকোনো সময় যেকোনো স্থানে অসুস্থ হয়ে পড়তে পারে। মান্না তাঁর অসুস্থতার কথা জানানোর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
ব্রিফিংয়ে মান্নার চিকিৎসার ব্যাপারে জানতে চাইলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের একটি অনুলিপি সাংবাদিকদের দেওয়া হয়। হৃদ্রোগ বিভাগের প্রধান আবদুল ওয়াদুদের সই করা এ প্রতিবেদনে বলা হয়, মান্না ১০ মার্চ রাত সাড়ে ১১টায় বুকে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। ইসিজি প্রতিবেদনে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়ায় কিছু পরিবর্তন দেখা যায়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন কি না, নিশ্চিত করতে দুবার পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফলাফল ছিল স্বাভাবিক। কিন্তু তাঁর চিকিৎসাসংক্রান্ত পুরোনো কাগজপত্র দেখে ও রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ড মনে করছে, রোগীর হৃদ্যন্ত্রে কিছু সমস্যা আছে (আনস্টেবল এনজাইনা)। এ ছাড়া মান্না পিঠে ব্যথা ও ক্ষুদ্রান্ত্রের সমস্যায় ভুগছেন। রক্ত তরল রাখার জন্য তাঁকে দিনে দুবার করে পাঁচ দিন ওষুধ দিতে হবে। এ ছাড়া হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের জন্য যেসব ওষুধ খাচ্ছিলেন তা-ও চালিয়ে যেতে হবে। ইসিজিতে যে অসামঞ্জস্য ধরা পড়েছে, তা ঠিক না হওয়া পর্যন্ত এবং ওষুধ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সিসিইউতে রাখা উচিত।
এর আগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মান্নার মুঠোফোনে কথোপকথন নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর গত ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে তাঁকে বনানীর একটি বাসা থেকে আটক করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর ২১ ঘণ্টা পর ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে গুলশান থানা-পুলিশের হাতে হস্তান্তর করে র্যা ব। এ সময় তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে হাজির করে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দ্বিতীয় মামলায় গত শনিবার তাঁকে আবার ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।