ঢাকা উত্তরের 'সবুজ ঢাকা' কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের একপাশে সারি সারি গাছের চারা, মাটি ও সারভর্তি ব্যাগ রাখা। দর্শক সারির চেয়ারের ফাঁকে ফাঁকে টবে লাগানো গাছ সাজানো। ইট-কংক্রিটের শহর ঢাকার মিরপুর-১০ নম্বরের জাতীয় মুকুল ফৌজ মাঠ আজ শুক্রবার পরিণত হয়েছিল এক খণ্ড সবুজ বাগিচায়। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ‘সবুজ ঢাকা’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেছে। যেটির উদ্দেশ্য রাজধানীবাসীকে গাছ লাগাতে উৎসাহিত করার মাধ্যমে সবুজ শহর গড়ে তোলা। আজ প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের হাতে গাছের চারা তুলে দেন ডিএনসিসির মেয়র আনিসুল হক।
সবুজ ঢাকা প্রচারাভিযান বাস্তবায়নে ডিএনসিসির পরামর্শমূলক সহযোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। নগরবাসী সহায়তা না করলে শুধু সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা শত চেষ্টা করলেও সবুজ ঢাকা গড়তে পারবেন না বলে মন্তব্য করেন আনিসুল হক।
মেয়র বলেন, সবুজ নগরী গড়তে বাসা, হাসপাতাল, রাস্তা ও স্কুলসহ সব প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে। ডিএনসিসিতে ১ লাখ ৭৬ হাজার ইউনিট বাড়ি-ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ইউনিটে একটি করে গাছ লাগালে এক বছরে অনেক গাছ হয়ে যাবে। ঠিকাদারদের রাস্তা সংস্কারের পর সড়কের পাশে ও নতুন বাড়ি করলে তাদের জন্য গাছ লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হবে বলে জানান আনিসুল হক।
ফুটপাত দখলমুক্ত করা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ফুটপাত পরিষ্কার করা শুরু হয়েছে, এপ্রিলের মধ্যে অনেক ফুটপাত পরিষ্কার হয়ে যাবে। তবে কারও ওপর অত্যাচার করতে চাই না। যাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাঁদের জন্য কিছু করার চেষ্টা করছি।’ যেসব ফুটপাত মুক্ত করা হচ্ছে সেসব যেন পুনরায় দখল না হয় সে জন্য পুলিশসহ সবার সহযোগিতা চান মেয়র।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, ঢাকাকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করবে। শিক্ষার্থী ও অভিভাবকদের গাছ লাগাতে উৎসাহিত করতে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে এ অনুষ্ঠানে মাটি, সার ও পেয়ারা গাছের চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। শিক্ষার্থীদের পক্ষে মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মাদিহা তার বক্তব্যে বলে, ‘আমাদের স্কুলের সামনে নানা ধরনের হকার বসে। চলতে কষ্ট হয়। স্কুলের সামনে বখাটেরা আমাদের উৎপাত করে। এসবের সমাধান কে করবে?’
এই বক্তবে৵র জবাবে মেয়র বলেন, ‘উত্তর সিটি করপোরেশনের ৬০ শতাংশ জায়গায় শক্তিশালী সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে। মার্চের মধ্যে ৫০০টি ও জুনের মধ্যে ১১০০টি লাগানো হবে। এসব ক্যামেরায় অন্ধকারের মধ্যেও চেহারা দেখা যাবে।’ সিটি করপোরেশনের উদ্যোগে ইভ টিজিংয়ের তথ্য জানাতে আগামী মে মাসের মধ্যে মোবাইলে অ্যাপস তৈরি করে দেওয়ার কথা জানান তিনি।
৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম মো. জামাল উদ্দিন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।