ঢাকা উড়ালসড়কের জন্য আবার চুক্তি
ঢাকা উড়ালসড়ক নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে আবার সংশোধিত চুক্তি সই হয়েছে।
গত রোববার বনানীর সেতু ভবনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট প্রেমচাই কারুসুতা এবং বাংলাদেশ সরকারের পক্ষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম চুক্তিতে সই করেন। এ প্রকল্পের অধীনে বনানী থেকে মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার উড়ালসড়ক হওয়ার কথা। এ জন্য ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৪০ কোটি টাকা।
এর আগে ২০১১ সালে ইতাল-থাই কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছিল। সে বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধনও করেন। কিন্তু কাজ শুরু হয়নি।
সেতু বিভাগের কর্মকর্তারা জানান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান সময়মতো অর্থ জোগাড় করতে না পারায় এবং নকশায় কিছু পরিবর্তন আনার কারণে প্রকল্পের কাজ ঝুলে যায়। এর ফলে এখন ব্যয়ও বেড়ে গেছে। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল আট হাজার ৭০৩ কোটি টাকা। পরে কাজ কমলেও ব্যয় বেড়েছে ২৩৭ কোটি টাকা।
চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। মন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ফেব্রুয়ারিতে উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হবে।
অনুষ্ঠানে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।