ঢাকা উড়ালসড়কের নির্মাণকাজ শুরু
ঢাকা উড়ালসড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজ অবশেষে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকল্পের প্রথম পর্বের কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা উড়ালসড়কের শুরু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে। শেষ হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী। উড়ালসড়কের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। প্রথম পর্বে কাজ হবে আট কিলোমিটারের, বিমানবন্দরের কাছ থেকে মহাখালী পর্যন্ত। গতকাল এই অংশের পাইলিং কাজের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের এপ্রিলে প্রকল্পকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু এরপর আর নির্মাণকাজ হয়নি। তখন কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ডিসেম্বর, ২০১৪। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি) এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে সেতু বিভাগ চুক্তি করে ২০১১ সালে। বাংলাদেশের সেতু বিভাগ আর ইতালিয়ান থাই কোম্পানি হচ্ছে বিনিয়োগকারী। উড়ালসড়ক নির্মাণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি) লিমিটেডকে।
উড়ালসড়কের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৮১৯ কোটি টাকা। এর মধ্যে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি আট হাজার ৯৪০ কোটি টাকা বিনিয়োগ করবে। আর ভায়াবিলিটি গ্যাপ ফান্ড (ভিজিএফ) হিসেবে দুই হাজার ৪১৪ কোটি টাকা দেবে সরকার। প্রথম অংশের কাজ সম্পন্ন হওয়ার পর ছয় কিস্তিতে বাংলাদেশের টাকা দেওয়া হবে। এ ছাড়া জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিষেবা সংযোগ লাইন স্থানান্ততের ভারও সরকারের। এই কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াইহাজার কোটি টাকা। পাইলিং কাজের উদ্বোধন করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালে জনগণ এই উড়ালসড়ক ব্যবহার করতে পারবে।
নির্মাণকাজ উদ্বোধনের সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনচাই মুসিকাবুদ, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ জেনারেল আবদুল কাদির, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ, ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইয়েদা মোনা তাসনিম, ঢাকা উড়ালসড়ক প্রকল্পের পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।