ঢাকা এখন স্নিগ্ধ বিনোদনের নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজপথে এভাবেই ঈদ আনন্দে মেতে উঠছে ঢাকাবাসী  ছবি : প্রথম আলো
রাজপথে এভাবেই ঈদ আনন্দে মেতে উঠছে ঢাকাবাসী ছবি : প্রথম আলো

রিকশায় ছেলে অনিককে নিয়ে ঘুরছেন ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম। ১২ বছরের শিশু ও তার বাবার কাছে কর্মব্যস্ত রাজধানী এখন অন্য রূপে ধরা দিয়েছে। পথচারীদের চঞ্চল পায়ে ছোটা, যানবাহনের গ্যাঁট হয়ে থাকা জট, কান ঝালাপালা করা ভেঁপু, অসহিষ্ণু মানুষের চিত্কার-চেঁচামেচি একদম নেই; বরং আছে উত্সবমুখর এক স্নিগ্ধ পরিবেশ। এর মধ্যে জৌলুস আছে, উগ্রতা নেই। এ অন্যরকম এক সৌন্দর্য।

শ্যামলীতে আজ সকালে ঈদের নামাজ আদায় করেছেন আমিনুল ইসলাম। নয়টার দিকে ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। উচ্ছ্বসিত কণ্ঠে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘ভাই, ঢাকার কদর আজ সবাই করবেন। ঈদে যাঁরা ঢাকা ছেড়েছেন, তাঁরা তো বোধ হয় আজকের দিনটির জন্য আফসোস করবেন।’

আমিনুল ইসলামের ছেলে অনিক বায়না ধরেছে রাজপথের আনন্দ ছেড়ে স্বজনদের বাসায় যাবে না। তাই অন্তত সন্ধ্যার আগে কারও বাসায় যাবেন না দুজন। সকালে প্রথমে শিশুপার্ক, এরপর ঘণ্টা দুয়েক কাটিয়ে সোজা মিরপুর চিড়িয়াখানা।

শুধু আমিনুলের কাছেই নয়, নগরের গলি থেকে রাজপথের সব স্থানই ঢাকাবাসীর সমাদর পাচ্ছে। মোড়ে মোড়ে দাঁড়িয়ে আপনজনকে পাশে নিয়ে কেউ ছবি তুলছে, কেউবা দল বেঁধে চটপটি খাচ্ছে। খাবারের দোকানে বসে গল্পগুজব আর আড্ডাও জমে উঠেছে বেশ। শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ কেউ যেন বসে নেই ঘরে।

লোকারণ্য বিনোদন কেন্দ্রগুলো

মিরপুর চিড়িয়াখানা, রমনার শিশুপার্ক, হাতিরঝিল, বঙ্গবন্ধু নভোথিয়েটার, সংসদ ভবনের আশপাশের এলাকায় সকালের পর থেকে ভিড় শুরু হয়ে গেছে। এমনকি ঢাকার উড়ালসেতুগুলোতে ঈদ আনন্দ নিয়ে ঘুরছেন নগরবাসী।

মিরপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টারগুলোয় সকাল ১০টার আগে থেকে দর্শনার্থী আসতে শুরু করেছেন। ১৩টি কাউন্টারের সবগুলোতে লাইনে দাঁড়িয়েছেন বিনোদনপ্রত্যাশীরা। লাইনে দাঁড়ানো আসমা আক্তার বলেন, ‘স্বামী আর মেয়েকে নিয়ে সকাল সকাল চলে এসেছি এখানে। নতুন কয়েকটি প্রাণী আসায় এবার চিড়িয়াখানাতে ঘুরব।’

মিরপুর চিড়িয়াখানার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘জলহস্তী, জিরাফ, আরব্য ঘোড়া বাচ্চা দেওয়ায় আকর্ষণ বেড়েছে। ময়ূরের অনেক বাচ্চা আছে। আর নতুন নতুন বন্যপ্রাণী বিদেশ থেকে আনায় আশা করছি দর্শক বেশি হবে।’

তিনি আরও জানান, সকাল থেকে দর্শক এসে পড়ায় টিকিট বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের।

একই অবস্থা রমনা শিশুপার্কের। এখানে অবশ্য বড়দের চেয়ে ছোট ছেলেমেয়েদের ভিড় বেশি। আজিমপুর থেকে স্কুলছাত্র তাহমিদুল হক লাফিয়ে উঠে বলে, ‘আজকে বাবাও বাধা দেয়নি। শিশুপার্কে যাব বললে উল্টো পকেট থেকে বাবাই টাকা দিয়েছে আমাকে।’

শিশুপার্কের ব্যবস্থাপক নূরুজ্জামান জানান, সকালে ছোটদের ভিড় বেশি ছিল। ঈদের দিন থেকে ১৪ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে শিশুপার্কে রাইডারগুলোয় চড়া যাবে।