ঢাকা এখন স্বপ্নের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে, তা একসময় স্বপ্ন ছিল। ঢাকা এখন স্বপ্নের শহর। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে যে কাজ করেছে, তার দৃষ্টান্ত ঢাকা মহানগরের দিকে তাকালেই বোঝা যায়। একসময় ঢাকার হাতিরঝিল এলাকাটি ছিল অঘোষিত গণশৌচাগার। আর সেই হাতিরঝিল এখন স্বপ্নপুরীর মতো ঝলমল করছে, যা বর্তমান আওয়ামী লীগ সরকারের অবদান।
গতকাল সোমবার সকালে শেরপুরের নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
মন্ত্রী উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪৬০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫০০ টাকা করে উপবৃত্তি প্রদান করেন। এ ছাড়া ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি, নকলার উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর মেয়র হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনার টাকা ও কম্বল বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় কৃষিমন্ত্রী সরকারের উন্নয়নের প্রশংসা করে বলেন, আজকে শুধু উড়াল সেতু নয়, উড়াল রাস্তা নয়, উড়াল ট্রেনও হবে। এখনই ঢাকা আর ময়মনসিংহের মধ্যে খুব একটা পার্থক্য করা যায় না।
মন্ত্রী দিনব্যাপী উপজেলার সাতটি ইউনিয়নে ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৩০৮টি শিশুকে কম্বল ও উদ্দীপনা হিসেবে ২৬০ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীকে ১ লাখ ৩৯ হাজার টাকা প্রদান করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে এসপি রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।