ঢাকা এর মধ্যে অনেকটাই পরিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৮ ঘণ্টার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। নির্ধারিত সময় শেষ হতে এখনো বেশ কয়েক ঘণ্টা বাকি। আজ দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোরবানির বর্জ্য অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তবে কোথাও কোথাও এখনো পশুর বর্জ্য পড়ে আছে।
ঈদের আগে ঢাকার দুই মেয়র ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় ঢাকার দুই মেয়র আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। ঈদ উপলক্ষে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীসহ সবার ছুটি বাতিল করা হয়েছে।
আজ লালবাগ, গ্রিনরোড, সায়েন্স ল্যাব, কাঁঠালবাগান, হাতিরপুল, ধানমন্ডি ও কল্যাণপুর এলাকা ঘুরে দেখা যায়, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন। রিকশাভ্যান, ময়লা টানার ছোট গাড়িতে করে বাসাবাড়ি থেকে কোরবানির পশুর বর্জ্য এনে সিটি করপোরেশনের ময়লার কনটেইনারে রাখছেন। ময়লাবাহী গাড়ি সেই কনটেইনার নিয়ে ময়লার ভাগাড়ের পথে ছুটছে।
বেলা একটার দিকে গ্রিন রোড এলাকায় দেখা যায়, কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা নেওয়ার একটি খোলা ট্রাক ও একটি কনটেইনারবাহী ট্রাকে কোরবানির বর্জ্য তুলছেন। পাশেই সিটি করপোরেশনের একটি পানি ছিটানোর গাড়ি দাঁড়িয়ে। বর্জ্য ট্রাকে তোলা হলেই পানি দিয়ে জায়গাটি ধুয়ে দেওয়া হবে বলে পরিচ্ছন্নতাকর্মীরা জানান।
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার রাজধানীবাসী অনেক বেশি সচেতন ছিলেন। সিটি করপোরেশনের দেওয়া পলিথিনের ব্যাগে কোরবানির বর্জ্য ভরে রেখে দেওয়ায় তাঁদের কাজে সুবিধা হয়েছে।
এবার কোরবানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১১ টন বর্জ্য তৈরি হবে। এই বর্জ্য অপসারণে দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ৭ হাজার ৩০৪ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে নেমেছেন। বর্জ্য দ্রুত অপসারণের জন্য প্রতিটি এলাকায় কাজ করছে ভ্যান সার্ভিস। গতকাল বেলা দুইটায় ধোলাইখাল এলাকায় দক্ষিণের মেয়র সাঈদ খোকন বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।
বেলা দুইটার দিকে লালবাগ এলাকায় দেখা যায়, কয়েক জায়গায় ময়লার কনটেইনার উপচে পড়ছে কোরবানির পশুর বর্জ্য। কনটেইনারের বাইরেও ছড়িয়ে-ছিটিয়ে আছে বর্জ্য। ঢাকেশ্বরী মন্দির এলাকায় সড়কের ওপরে পড়ে আছে পশুর বর্জ্য।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এবারের কোরবানি ঈদে মোট বর্জ্য হবে নয় হাজার টন। এসব বর্জ্য পরিষ্কারের কাজে ডিএনসিসির পক্ষ থেকে ৩ হাজার ২৩০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। গতকাল বেলা দুইটার দিকে উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গায় বসানো হাট পরিষ্কারের মধ্য দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল থেকে আজ ১টা পর্যন্ত ৫ হাজার টন বর্জ্য আমিনবাজারের ল্যান্ড ফিল্ডে নেওয়া হয়েছে। কাজের অগ্রগতি বেশ ভালো। ৪৮ ঘণ্টার অনেক আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হবে।
আগামীকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে দুই সিটি করপোরেশনের মেয়রের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি ঘোষণার কথা।