ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ আগস্টে শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী আগস্ট মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের রহমত আলীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এ তথ্য জানান। বেলা পৌনে ১২টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ওই প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ-পূর্ববর্তী কাজ চলামান আছে। এ জন্য ৬ দশমিক ৮৭৭ একর ভূমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক্সপ্রেসওয়ের পাইল ড্রাইভিং কাজ চলাকালীন ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকা থেকে আপত্তি উত্থাপিত হয়েছে। এ জন্য ২০১২ সালের ১৭ মে ঘনবসতিপূর্ণ এলাকা যথাসম্ভব পরিহার করতে নকশা সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে আগামী আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়।
অপু উকিলের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত ও সহজ করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও রাজধানীর বাস টার্মিনালগুলোতে বিআরটিএ, পুলিশ, বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিলেন্স টিম ও পর্যবেক্ষক টিম গঠন করা হবে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, এ বছর বিএনপি-জামায়াতের হরতাল ও হরতাল পূর্ববর্তী তাণ্ডবে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া মহাসড়কে কেটে ফেলা ও সমূলে তুলে ফেলা গাছের সংখ্যা ৭০২টি এবং এর আনুমানিক দাম ৩১ লাখ ২৬ হাজার টাকা। সরকারি দলের এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিরোধী দলের সহিংসতার কারণে রেলওয়ের ২৪ কোটি ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ৬৭টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।