ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী আগস্ট মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের রহমত আলীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এ তথ্য জানান।বেলা পৌনে ১২টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।ওই প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী আরও জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ-পূর্ববর্তী কাজ চলামান আছে। এ জন্য ৬ দশমিক ৮৭৭ একর ভূমি অধিগ্রহণের টাকা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এক্সপ্রেসওয়ের পাইল ড্রাইভিং কাজ চলাকালীন ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকা থেকে আপত্তি উত্থাপিত হয়েছে। এ জন্য ২০১২ সালের ১৭ মে ঘনবসতিপূর্ণ এলাকা যথাসম্ভব পরিহার করতে নকশা সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে আগামী আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা যায়।অপু উকিলের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিশ্চিত ও সহজ করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও রাজধানীর বাস টার্মিনালগুলোতে বিআরটিএ, পুলিশ, বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিলেন্স টিম ও পর্যবেক্ষক টিম গঠন করা হবে।নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, এ বছর বিএনপি-জামায়াতের হরতাল ও হরতাল পূর্ববর্তী তাণ্ডবে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া মহাসড়কে কেটে ফেলা ও সমূলে তুলে ফেলা গাছের সংখ্যা ৭০২টি এবং এর আনুমানিক দাম ৩১ লাখ ২৬ হাজার টাকা।সরকারি দলের এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিরোধী দলের সহিংসতার কারণে রেলওয়ের ২৪ কোটি ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ৬৭টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ২১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।