ঢাকা ও আশপাশে আজ গ্যাসের চাপ কম থাকতে পারে
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে সরবরাহ কোথাও একেবারে ব্যাহত হবে না।
পবিত্র রমজান মাসে নরসিংদীতে উচ্চচাপের সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরি করতে গিয়ে এক চোর চক্র দুর্ঘটনা ঘটিয়েছিল। তখন সাময়িক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হয়। সেই ছিদ্র আজ মেরামত করা হবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, ওই লাইন মেরামতের জন্য নরসিংদী গ্যাসক্ষেত্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ছিদ্র মেরামতের পর ২২ কিলোমিটার সঞ্চালন লাইনে গ্যাসের পূর্ণ চাপ ফিরিয়ে আনতে হবে। এসব কাজে প্রায় সারা দিন লেগে যাবে। তিনি বলেন, এই সময় ঢাকা ও নরসিংদীসহ সন্নিহিত এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। কিন্তু এই মেরামত ছাড়া বেশি দিন গ্যাস সরবরাহ করা নিরাপদ নয়। তাই মেরামত করতেই হবে। তবে গ্রাহকের সমস্যা যাতে কম হয় সেদিকে খেয়াল রাখা হবে। কাজটির জন্য সাপ্তাহিক ছুটির দিন বাছাই করার কারণও তাই।
বছর দুয়েক ধরে নানাভাবে গ্যাস চুরির প্রবণতা দেখা যাচ্ছে। কোথাও কোথাও প্রভাবশালী ব্যক্তিরাও এর সঙ্গে যুক্ত আছেন বলে অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এই চুরির কারণে গ্যাস সরবরাহব্যবস্থা নাজুক হয়ে পড়েছে বলে তিতাসের সূত্রগুলো জানিয়েছে।