গ্যাস সাশ্রয়ের জন্য রাজধানী ও আশপাশের শিল্পকারখানা এলাকাভেদে সপ্তাহে এক দিন করে বন্ধ রাখা হলেও সিএনজি স্টেশনগুলো প্রতিদিনই গ্যাস সংকটের কবলে পড়ছে। ঢাকার সিএনজি স্টেশনগুলো গ্যাসের অভাবে দিনে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। আর শহরতলির সিএনজি স্টেশনগুলো গভীর রাতে তিন চার ঘণ্টা ছাড়া বাকি সময় বন্ধ থাকছে।এ দিকে গ্যাসের চাপ কম থাকলেও মিটারব্যবস্থা চালু না থাকায় স্টেশন মালিকেরা তিতাস গ্যাস কোম্পানিকে সর্বোচ্চ (নির্ধারিত) বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এসব সমস্যা জানাতে আজ বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের অভাবে সাভারে অনেক সিএনজি স্টেশন বন্ধ হয়ে গেছে। ঢাকাসহ সব মিলিয়ে প্রায় দেড় শ স্টেশন চরম গ্যাস সমস্যায় থাকছে।’জাকির হোসেন বলেন, যেখানে স্টেশনে গ্যাসের চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাস চাপের ইউনিট) সেখানে চাপ নেমে আসছে পাঁচ পিএসআইয়ের নিচে। জাকির জানান, তিতাসে বৈঠক করে গ্যাসের সরবরাহ বাড়ানো এবং বিল নিরূপণের জন্য স্টেশনে ইলেক্ট্রনিক ভলিয়ম কারেক্টার (ইভিসি) স্থাপনের অনুরোধ জানানো হবে। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ জানিয়েছেন, সিএনজি স্টেশনগুলো শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন সাত ঘণ্টা বন্ধ রাখার সম্প্রতি গৃহীত প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে বলা হয়েছিল, গুরুত্বপূর্ণ বিষয় বলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে। ভোগান্তি: সাত মসজিদ রোডের সাউদার্ন সিএনজি স্টেশনে গতকাল দুপুরে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। চাপ কম থাকায় গ্যাস দিতে অনেক বেশি সময় লাগছে বলে দায়িত্বরত কর্মচারীরা জানান। মিরপুর দারুস সালামের পূর্বাচল ও যমুনা ফিলিং স্টেশন, এস এস ফিলিং স্টেশন, কল্যাণপুরের এস এ খালেক ফিলিং স্টেশন, রহমান ফিলিং স্টেশন, মোহনা ও ডেনসো ফিলিং স্টেশন, মিরপুর-২-এর কিংশুক সিএনজি রি-ফুয়েলিং স্টেশন ও কাজীপাড়ায় সিডিসিসহ এলাকার অনেক স্টেশনে চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে। মগবাজার মোড়ের দুটি স্টেশনে গ্যাস নিতে আসা যানের সুদীর্ঘ সারি দেখা গেছে গতকাল শনিবার সকালে। শহরতলিতে বন্ধ: সাভারের নবীনগর বাইপাইল থেকে চন্দ্রা মোড় এলাকা পর্যন্ত নয় কিলোমিটারে সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস থাকে না। আগে শুক্রবারে কিছু গ্যাস থাকলেও এখন সপ্তাহে সাত দিনই এ অবস্থা চলছে। এ ছাড়া টঙ্গী, গাজীপুর, মেঘনা ঘাট, দাউদকান্দি ও গৌরীপুর এলাকার সিএনজি স্টেশনগুলোও গ্যাস সমস্যায় ভুগছে।সাভারের ‘এনার্জি প্লাস সিএনজি’ কর্তৃপক্ষ স্টেশনে তালাই ঝুলিয়ে দিয়েছে। লোকসান হওয়ার দাবি করে কয়েকজন মালিক বলেন, নির্মাণ বাবদ ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে তার কিস্তির টাকা পর্যন্ত পরিশোধ করা যাচ্ছে না। তানভীর রহমান নামে আরেকটি স্টেশনের মালিক আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তাঁদের স্টেশনও বন্ধ করে দিতে হতে পারে। গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান। তবে তিনি দাবি করেন, এক-একটি এলাকার শিল্পাঞ্চল সপ্তাহে এক দিন করে বন্ধ রাখার সুফল অবশ্যই পাওয়া যাচ্ছে। বিশেষ করে আবাসিক গ্রাহকেরা সুফল পাচ্ছেন। আজ সিএনজি মালিকদের সঙ্গে বৈঠক করার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাওয়ার জন্য সৃষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিতাস সূত্র জানায়, পেট্রোবাংলা থেকে তারা প্রায় ১৪০ কোটি ঘনফুট গ্যাস পাচ্ছে। কিন্তু রাজধানীসহ তিতাস এলাকায় প্রয়োজন প্রায় ২০০ কোটি ঘনফুট। পেট্রোবাংলা ও তিতাস সূত্র সম্প্রতি জানায়, ঢাকা ও এর আশপাশের প্রায় ২০০ সিএনজি স্টেশনে দৈনিক গ্যাস ব্যবহার হয় পাঁচ কোটি ঘনফুটের মতো। সূত্র মতে, এই স্টেশনগুলো নয়টা থেকে চারটা বন্ধ রাখলে তিন কোটি ঘনফুটের মতো গ্যাস সাশ্রয় হবে। এটা সার্বিক সংকট নিরসনে বিশেষ কোনো ভূমিকা রাখবে না। তবে পাইপলাইনে গ্যাসের চাপ কিছুটা বাড়বে।