
ভাষাশহীদদের স্মরণে ও বাংলা ভাষার মাধ্যমে বাঙালি সংস্কৃতির সমৃদ্ধি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশের সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার আয়োজন করে বিশেষ প্রীতি বিতর্ক। ভাষার মাধ্যমে খণ্ডিত বাংলার মানুষের মাঝে আরও একবার বৃহত্তর জাতীয়তাবোধের চেতনা ফিরিয়ে আনা এবং নিজস্ব কৃষ্টি ও পরিচয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির অনুঘটক হিসেবে এ প্রীতি বিতর্কের প্রয়াস অনন্য।
এ বিতর্কে অংশগ্রহণ করেছে দুই বাংলার শ্রেষ্ঠ দুটি বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। গৌরব দত্ত, দীপ পোদ্দার ও প্রান্তিক চক্রবর্তী বিভিন্ন যুক্তি তুলে ধরেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন আফ্রিদা জিন্নুরাইন উর্বী, শেখ মাহবুবে সোবহানী সৌরভ ও জিহাদ আল মেহেদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। পর্যবেক্ষক হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সুমনের সঞ্চালনায় বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আয়োজিত বিতর্কে টিএসসি প্রাঙ্গণে নেমেছিল বিপুল দর্শকের ঢল। যা দেখে প্রধান অতিথি অধ্যাপক আখতারুজ্জামান বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, টিএসসির মতো জনবহুল ও কোলাহলপূর্ণ জায়গায় দর্শক এত আগ্রহ নিয়ে বিতর্ক শুনছে, এটি বিতর্কের সার্থকতা প্রমাণ করে। সমাপনী বক্তব্যে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবু বাক্কার সিদ্দিক প্রিন্স বিপুল দর্শক শ্রোতাদের অভিনন্দন জানান।
পর্যবেক্ষক সৌমিত্র শেখর বলেন, এটিকে বিতর্ক না বলে তিনি প্র-তর্ক বলে তিনি আখ্যায়িত করতে চান। কারণ দু দলের যুক্তি শৈলী তাকে মুগ্ধ করেছে।