চীনা সরকার-সমর্থিত থিংক ট্যাংকের বিশেষজ্ঞরা বলেছেন, প্রস্তাবিত বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার) অর্থনৈতিক করিডর চার দেশের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। আর এটি সম্ভব হলে এই চার দেশের মধ্যে নদীর পানি বণ্টন ও সীমান্ত¯সমস্যার মতো যেসব সমস্যা রয়েছে, সেগুলো নিরসনের পথ সুগম হবে।
চীনের ইউনান প্রদেশের পররাষ্ট্র বিভাগের উপমহাপরিচালক হাও কুনের সভাপতিত্বে গত বৃহস্পতিবার সফররত বাংলাদেশ মিডিয়া প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। কক্সবাজার থেকে বিমানে এক ঘণ্টার কম দূরত্বের ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের নানা সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা হয়। কুনমিং হোটেলে সাংবাদিকদের সম্মানে ইউনানের পররাষ্ট্র বিভাগের দেওয়া এই মধ্যাহ্নভোজের আলোচনায় কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ গাজীও অংশ নেন। তিনি বলেন, ঢাকা-কুনমিং নিয়মিত ফ্লাইট চলাচল করছে। সাম্প্রতিককালে নির্মাণ ও পর্যটনে উল্লেখযোগ্যসংখ্যক চীনা নাগরিক বাংলাদেশে যাচ্ছেন।
চীন সরকার ও বিশেষজ্ঞরা আশা করেন, প্রস্তাবিত করিডর প্রতিষ্ঠার পক্ষে জনমত গড়তে বাংলাদেশের গণমাধ্যম বিশেষ ভূমিকা পালন করতে পারে। তাঁরা উল্লেখ করেন, এর আগে এই সংস্থার ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, এত বড় একটি প্রকল্প বাস্তবায়নে অর্থ সংস্থান দরকার। চলতি মাসের গোড়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রকল্পের অবকাঠামো খাতে ৪০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের প্রস্তাব করেছেন। প্রস্তাবিত করিডরের বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করে হাও কুন বলেন, ‘সরকার যা দেখে, অনেক সময় জনগণ তা দেখে না। তাই আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। কারণ, এই প্রকল্প বাস্তবায়নে ব্যাপক জনসমর্থন দরকার হবে। জনগণকে বুঝতে হবে এই প্রকল্প তাদের জীবনে কী পরিবর্তন বয়ে আনবে। লাভ বুঝলে তারা এগিয়ে আসবে।’
হাও কুনের কথায়, ইউনান রাজ্য সরকার ঢাকার সঙ্গে বিশেষ সম্পর্ক চায়। কারণ, এখান থেকে বেইজিং যেতে তিন ঘণ্টা আর ঢাকায় যেতে তাঁদের লাগে দুই ঘণ্টা। সাম্প্রতিককালে ঢাকার সঙ্গে তাঁদের সম্পর্ক ‘নাটকীয়ভাবে’ বেড়েছে। আলোচনাকালে চীনা কমিউনিস্ট পার্টির কয়েকজন কেন্দ্রীয় কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
ইউনান প্রদেশের জিএমএস কো-অপারেটিভ গভর্নমেন্ট অফিসের পরিচালক লি চিঞ্জে সকালের আলোচনায় বলেন, বিসিআইএম অর্থনৈতিক করিডর গঠিত হলে এর সদস্যরাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথ সুগম হতে পারে। তিনি এ জন্য সদস্যরাষ্ট্রগুলোর সর্বসম্মতিতে একটি নতুন বিধিব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেন।
আলোচনায় ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান দ্বিপক্ষীয় সমস্যা ও রোহিঙ্গা প্রসঙ্গ ওঠে। ইনস্টিটিউট অব সাউথ এশিয়া স্টাডিজ ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্সের (আইএসএএস) উপপরিচালক অধ্যাপক ইয়াং সিলিং বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কতিপয় ঐতিহাসিক সমস্যা না মেটার কারণে প্রস্তাবিত করিডরের বাস্তবায়ন-প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। এই করিডর প্রতিষ্ঠার বাধা চিহ্নিত করতে চীন সরকার-সমর্থিত এই গবেষণা প্রতিষ্ঠানে বর্তমানে ২০ জন বিশেষজ্ঞ কাজ করছেন। বাংলাদেশেরও উল্লেখযোগ্যসংখ্যক বিশেষজ্ঞ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।
চীনা বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে উল্লেখ করেন, মিয়ানমারের কোনো কোনো মহলের মধ্যে এখনো একটা সংশয় আছে যে তারা এর ফলে ট্রানজিট হিসেবে ব্যবহার হয় কি না।