ঢাকা ও গাজীপুরের তিনটি কারখানাকে জরিমানা
পরিবেশ অধিদপ্তর ঢাকা ও গাজীপুরে তিনটি কারখানাকে গতকাল সোমবার ২০ লাখ টাকা জরিমানা করেছে। দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে কারখানাগুলোকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর জরিমানা করেন। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ৩ নম্বর ভবানীপুর মৌজায় কারখানা স্থাপন করার অপরাধে অ্যালায়েন্স ব্যাগস লিমিটেড কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তা ছাড়া অ্যালায়েন্স ব্যাগস লিমিটেডের পরিবেশগত ছাড়পত্রও নেই।
এদিকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে ডাইং কারখানার বর্জ্য ফেলে বুড়িগঙ্গা নদী দূষণের অপরাধে দুটি কারখানাকে জরিমানা করে অধিদপ্তর। ঢাকার শ্যামপুর কদমতলী শিল্প এলাকার চমক টেক্সটাইল মিলসকে (ডাইং) আট লাখ ও ঝিলিক টেক্সটাইল মিলসকে (ডাইং) দু্ই লাখ টাকা জরিমানা করা হয়।