ঢাকা ও চট্টগ্রাম নগরে নতুন বাসভাড়া আজ কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী সিএনজিচালিত বাস-মিনিবাসের বর্ধিত নতুন ভাড়া আজ বৃহস্পতিবার থেকে কার্যকর করা হচ্ছে। এদিকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
নতুন হার অনুসারে বড় বাসের ভাড়া হবে প্রতি যাত্রীর জন্য কিলোমিটার-প্রতি ১ টাকা ৭০ পয়সা। আর মিনিবাসে কিলোমিটার-প্রতি ১ টাকা ৬০ পয়সা। সিএনজির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর সরকার প্রতি যাত্রীর জন্য কিলোমিটার-প্রতি ভাড়া ১০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। সর্বনিম্ন ভাড়া আগের মতোই বড় বাসে ৭ টাকা ও মিনিবাসে ৫ টাকা থাকবে।
ভাড়া বৃদ্ধির পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করে তা বাস-মিনিবাসে প্রদর্শনের ব্যবস্থা করারও সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে গতকাল বুধবার পর্যন্ত বাস-মিনিবাসে নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি। এই তালিকা তৈরি করে পরিবহন কমিটি। ঢাকা মহানগরে পরিবহন কমিটির প্রধান পুলিশ কমিশনার। আর যাবতীয় সাচিবিক দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা মহানগর পর্যন্ত সিএনজিচালিত যেসব বাস-মিনিবাস চলাচল করে, সেগুলোর জন্যও নতুন এই ভাড়া প্রযোজ্য হবে। তবে দূরপাল্লার পথের বাসের জন্য নতুন ভাড়া প্রযোজ্য নয়।
একাধিক পরিবহনের মালিক বলেন, নতুন ভাড়ার তালিকা প্রতিটি কোম্পানি নিজ উদ্যোগে সংগ্রহ করবে নাকি পৌঁছে দেওয়া হবে, তা তাঁরা জানেন না। এই বিষয়ে বিআরটিএ কোনো নির্দেশনাও দেয়নি।
গতকাল বিকেলে আজিমপুর-পল্লবী পথে চলাচলকারী সেফটি পরিবহনের একটি মিনিবাসে উঠে নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি। ওই মিনিবাসের যাত্রী মোজাম্মেল হক বলেন, ভাড়ার তালিকা না থাকলে শ্রমিকেরা এক টাকার জায়গায় পাঁচ টাকা ভাড়া বাড়াবেন। এতে প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটবে। আরও কয়েকটি বাস-মিনিবাসে উঠেও তালিকা দেখা যায়নি।
নতুন ভাড়ার হার ও বিআরটিএর দূরত্ব-সংক্রান্ত তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন ভাড়ার হার অনুসারে মিরপুর-১০ নম্বর গোল চক্কর থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া বাড়বে এক টাকা। একইভাবে উত্তরা হাউস বিল্ডিং থেকে গুলিস্তান পর্যন্ত একজন যাত্রীর দুই টাকা ভাড়া বাড়বে।
সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিক গত রাতে প্রথম আলোকে বলেন, নতুন ভাড়া তালিকা মালিক সমিতিগুলোতে পাঠানো হয়েছে। সকালে তালিকা টাঙিয়েই বাস নামাতে হবে। তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কি না, তা দেখার জন্য সকাল থেকেই ঢাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত থাকবেন।
ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি: ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘যাত্রী প্রতিনিধি সমন্বয়ে সঠিক ব্যয় বিশ্লেষণ করে ভাড়া পুনর্নির্ধারণ এবং বর্ধিত ভাড়া বাতিল চাই’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা বলেন, যে ব্যয় বিশ্লেষণের মাধ্যমে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে অসংগতি ছিল। এটা হয়েছে পরিবহনের মালিকদের স্বার্থে। তাই যাত্রী প্রতিনিধিদের নিয়ে পুনরায় ব্যয় বিশ্লেষণ কমিটি গঠন করতে হবে। লক্কড়-ঝক্কড় পুরোনো বাসের ভাড়া কমাতে হবে।