ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ভাগ করে আরও দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ইতিমধ্যেই এ ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী গতকাল শনিবার বিকেলে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে কুমিল্লার লাকসামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুটি প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠাকালে ওই ঘোষণা দেন। তিনি জানান, বর্তমান চট্টগ্রাম বিভাগকে দুই ভাগ করে বৃহত্তর কুমিল্লার জেলাগুলো নিয়ে কুমিল্লা বিভাগ গঠন করা হবে। সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত¯অনুসারে বিভাগগুলো ভাগ হবে। খবর বাসসের।
ভিডিও কনফারেন্সে কুমিল্লার লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার ডাবল রেললাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পেরও উদ্বোধন করেন।
কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কুমিল্লার লাকসাম জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাংসদ তাজুল ইসলাম। তাঁরা সেখানে বক্তব্য দেন। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী সিকদার, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়াসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
প্রধানমন্ত্রী প্রথমে রেলপথমন্ত্রী, পরে পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সাংসদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এ সময় তিনি রেলওয়ের উন্নয়নের জন্য তাঁর সরকারের পদক্ষেপ ও কাজের বিবরণ তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে রেলওয়ের উন্নয়নে আরও কাজ করার কথা উল্লেখ করেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ নভেম্বর কুমিল্লার লাকসাম থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার চিনকি আস্তানা পর্যন্ত ৬১ কিলোমিটার রেলের ডাবল লাইন নির্মাণের কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ মার্চ ওই কাজ শেষ হয়। ১ হাজার ৬০৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ওই লাইন নির্মাণ করা হয়। ডাবল লাইন চালু হওয়ায় এ রেললাইন দিয়ে প্রতিদিন ৭০ জোড়া ট্রেন চলাচল করতে পারবে। আগে সিঙ্গেল এই লাইনে ৩৬ জোড়া ট্রেন চলাচল করত। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব রেলপথে ৩২১ কিলোমিটার। ডাবল লাইন চালু হওয়ার কারণে রেলপথে দুই ঘণ্টা সময় সাশ্রয় হবে।
লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৬ হাজার ৫০৫ কোটি টাকা ব্যয়ে ওই প্রকল্প বাস্তবায়িত হবে। ২০২০ সালের জুন মাসের মধ্যে ওই কাজ শেষ হবে।
এ ছাড়া চট্টগ্রাম স্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের নির্মাণকাজও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ২৬৩ কোটি টাকা ব্যয়ে ওই ইয়ার্ড নির্মাণ করা হয়।