ঢাকা ও চট্টগ্রামে আনন্দমুখর বর্ণমেলা আজ
আজ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম আলোর আয়োজনে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে শুরু হচ্ছে বর্ণমেলা।
নতুন প্রজন্মের মধ্যে বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে দিনব্যাপী এই আনন্দমুখর বর্ণমেলা। বর্ণের এই বর্ণিল মেলা বসবে ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। মেলা শুরু হবে সকাল নয়টা থেকে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ঢাকায় মেলার উদ্বোধন করবেন ভাষাসৈনিক আহমদ রফিক এবং চট্টগ্রামে উদ্বোধন করবেন আবুল মোমেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে সারা দিন বর্ণমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
বর্ণমেলায় থাকছে বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, বর্ণদোলা, পুতুলখেলা, সিসিমপুর, বর্ণ দিয়ে টি-শার্টের নকশা, বর্ণ ক্যানভাস, মুখোশ প্রদর্শনী, পাপেট শো, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানামাত্রিক আয়োজন। বাংলা বর্ণমালা নিয়ে খাবার, পোশাক, বই ইত্যাদি প্রদর্শন ও বিক্রির ব্যবস্থাও থাকবে মেলায়।
বর্ণমেলার অন্যতম আকর্ষণ বর্ণ পরিচয়ের উৎসব ‘হাতেখড়ি’। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত থাকবেন দেশের বরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা। ঢাকায় থাকবেন কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, সেলিনা হোসেন, সৈয়দ আবুল বারক আলভী, সৈয়দ মনজুরুল ইসলাম, আবদুল মান্নান, ফরিদা জামান, নিসার হোসেন, আফজাল হোসেন, ওয়াকিলুর রহমান, শিশির ভট্টাচার্য্য ও আনিসুল হক।
চট্টগ্রামে হাতেখড়ি দেবেন ভূঁইয়া ইকবাল, আবুল মনসুর, আবুল মোমেন, মাহবুবুল হক, গোলাম মুস্তাফা, হাসিনা জাকারিয়া, কে এম এ কাইয়ুম, নাজলী লায়লা মনসুর, লায়লা জামান, ঢালী আল মামুন, হরিশংকর জলদাস, ফয়েজুল আজিম, দিলারা বেগম, আহমেদ নেওয়াজ, সৌমেন দাশ, নাসিমা মাসুদ, মোহাম্মদ জসিম উদ্দিন, আহাদ আলী চৌধুরী, শায়লা শারমিন ও তাসাদ্দুক হোসেন।
এ ছাড়া বর্ণমেলায় অনূর্ধ্ব দশম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। প্রতিযোগীদের মেলা প্রাঙ্গণে প্রতিযোগিতার ৩০ মিনিট আগে আসতে হবে।
প্রথম আলোর আয়োজনে বর্ণমেলার বিশেষ সহযোগী সার্ফ এক্সেল। সহযোগিতা করছে পেপসোডেন্ট, লাইফবয়, পিউর ইট, মেরিল বেবি ও সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড। সম্প্রচার সহযোগী চ্যানেল নাইন ও এবিসি রেডিও।