ঢাকা ও চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে ও চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা একটি হাতবোমা ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় জামায়াত-শিবিরের অন্তত ৩০ জন মিছিল বের করে। তারা মিসরে চলমান পরিস্থিতি নিয়ে স্লোগান দেয়। মিছিলের শেষ পর্যায়ে তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মিছিলকারীরা সটকে পড়ে।চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় বেলা ১১টার দিকে মিছিল বের করেন শিবিরের ৩০-৩৫ জন নেতা-কর্মী। মিছিলটি আসকারদীঘিরপাড়ের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি এলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারা গাড়ি থেকে নেমে দ্রুত যে যার মতো নিরাপদ জায়গায় ছুটে যায়।অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমান জানান, শিবিরের মিছিল থেকে কাজীর দেউড়ি ও আসকারদীঘিরপাড় এলাকায় চারটি ককটেল ফাটানো হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই মিছিলকারীরা পালিয়ে যায়।সাতক্ষীরায় জামায়াতের আমির গ্রেপ্তার: জামায়াতের তালা উপজেলা শাখার আমির গাজী সুজায়েত আলীকে (৪৪) গতকাল সকালে মির্জাপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের শিক্ষক।পাটকেলঘাটা থানার ওসি মামুন-অর-রশিদ জানান, সুজায়েত আলীর বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের ডাকা হরতালে সড়ক অবরোধ, সরকারি কাজে বাধাদান ও নাশকতায় মদদ দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।