ঢাকা ও চট্টগ্রামে প্রিপেইড গ্যাস মিটার বসাবে সরকার
প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে সরকার ঢাকা ও চট্টগ্রামে দুই লাখ ৬০ হাজার প্রিপেইড গ্যাস মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক আজ সোমবার বাসসকে এ কথা জানান। তিনি বলেন, ‘সরকার দুই মেগা সিটির আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড গ্যাস মিটার বসাতে দুটি প্রকল্প গ্রহণ করেছে।’
সচিব বলেন, ঢাকা ও চট্টগ্রাম দুই মহানগরের আবাসিক গ্রাহকেরা তাঁদের বিদ্যমান দুই বার্নারের প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করে আরও আর্থিক সুবিধা পাবেন।
দুটি প্রকল্প বাস্তবায়ন করতে মোট খরচ হবে ৯৭০ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৬০৭ কোটি ১৮ লাখ টাকা। বাকিটা আসবে বাংলাদেশ সরকারের তরফ থেকে।
আবু বকর বলেন, বিদ্যুৎ জ্বালানি এ খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এই প্রকল্প গ্রহণ করেছে।
একনেকের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রকল্প দুটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় ঢাকায় ২ লাখ প্রিপেইড মিটার বসাবে। এতে খরচ হবে ৭২২ কোটি টাকা। আর কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় চট্টগ্রামে ৬০ হাজার প্রিপেইড মিটার বসাবে। খরচ হবে ২৪৮ কোটি ৪০ লাখ টাকা।
এর আগে একটি পাইলট প্রকল্পের আওতায় মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় তিতাস ৫০০০ প্রিপেইড মিটার বসায়। এই এলাকায় ৮৬০০ মিটার বসানোর পরিকল্পনা রয়েছে।