ঢাকা ও চট্টগ্রামে বাসভাড়া বাড়ছে ১০ পয়সা হারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচল করা সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী
১ অক্টোবর থেকে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়বে।
প্রথম দুই কিলোমিটারে অটোরিকশার ন্যূনতম ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। ১ নভেম্বর থেকে অটোরিকশার বর্ধিত এই ভাড়া কার্যকর হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ভাড়া বৃদ্ধি-সংক্রান্ত বৈঠকের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, তবে সিএনজিতে চলে না, এমন গণপরিবহনের ভাড়া বাড়বে না। দূরপাল্লার বাসভাড়াও বাড়বে না।
ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ ডিএমপি, সিএমপির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাস ও মিনিবাস: এর আগে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর সর্বশেষ বাসভাড়া নির্ধারণ করা হয়েছিল। তখন ঢাকা ও চট্টগ্রামে সিএনজি চালিত বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা করা হয়। এখন তা বেড়ে হয়েছে ১ টাকা ৭০ পয়সা। তবে বিদ্যমান সর্বনিম্ন ভাড়া সাত টাকাই থাকবে।
বর্তমানে মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা, তা বেড়ে হবে ১ টাকা ৬০ পয়সা। তবে ন্যূনতম ভাড়া পাঁচ টাকাই থাকবে।
ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এবং ঢাকা জেলার বাস-মিনিবাসের ভাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের সমান হবে।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে না। কারণ, দূরপাল্লার বাস সিএনজিতে চলে না।
অটোরিকশা: বর্তমানে প্রথম দুই কিলোমিটারে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারিত ২৫ টাকা। এখন তা বেড়ে হচ্ছে ৪০ টাকা। পরের প্রতি কিলোমিটার বর্তমানে ৭ দশমিক ৬৪ টাকা। এটি হবে ১২ টাকা। প্রতি মিনিট অপেক্ষার ভাড়া ১ দশমিক ৪০ টাকা থেকে বেড়ে হচ্ছে দুই টাকা। মালিকদের দৈনিক জমা ৬০০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা হবে। বর্তমানে যেকোনো দূরত্বে যাত্রী পরিবহনে সর্বনিম্ন ভাড়া নির্ধারিত রয়েছে ২৫ টাকা। এখন তা হবে ৪০ টাকা।
অবশ্য ঢাকায় এখন কোনো অটোরিকশাই মিটারে চলে না।
মন্ত্রণালয় সূত্র বলেছে, বাস, মিনিবাসের পুনর্নির্ধারিত ভাড়া এবং অটোরিকশার পুনর্নির্ধারিত ভাড়া, দৈনিক জমা ও মিটারে চলাচল নিশ্চিত করতে বিআরটিএর পরিচালকের (প্রশাসন) নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে মন্ত্রণালয়, ডিএমপি, সিএমপি, সিটি করপোরেশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডিটিসিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি থাকবেন। প্রয়োজনে কমিটি অন্য কোনো সদস্যও নিতে পারবে।
মন্ত্রণালয় বলেছে, ১ নভেম্বরের আগেই বিআরটিএ থেকে সিএনজিচালিত অটোরিকশার সব মিটার প্রতিস্থাপন করে নিতে হবে। অন্যথায় অটোরিকশা চলাচল করতে পারবে না।
যাত্রী কল্যাণ সমিতির প্রত্যাখ্যান: গণপরিবহনের বর্ধিত এই ভাড়া প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির দাবি, সঠিক ব্যয় বিশ্লেষণ করা হলে, ভুয়া ও অযৌক্তিক ব্যয় বাদ দেওয়া গেলে ভাড়া বিদ্যমান হারের চেয়েও কমত।
গতকাল ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর সমিতির চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান ও মহাসচিব মো. মোজাম্মেল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন। তাঁরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দেখিয়ে পুরোনো লক্কড়-ঝক্কড়, মেয়াদোত্তীর্ণ বাস ও অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা যাত্রীদের সঙ্গে প্রতারণার শামিল। তাই পুরোনো গাড়ির ও নতুন গাড়ির আলাদা ভাড়া নির্ধারণ করা জরুরি। এ সিদ্ধান্তে মালিক-শ্রমিকদের স্বার্থ একচেটিয়াভাবে প্রাধান্য পেয়েছে।
ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।