ঢাকা ও চট্টগ্রামে হেফাজতের কর্মসূচি স্থগিত
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আজ শুক্রবারের পূর্বনির্ধারিত সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী জানান, গতকাল বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঈনুদ্দীন রুহী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রশাসনের অনুরোধে সন্ত্রাসবিরোধী ওই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পরবর্তী তারিখ জানানো হবে।
প্রশাসনের চাপে কর্মসূচি স্থগিত করা হয়েছে কি না, জানতে চাইলে মঈনুদ্দিন রুহী বলেন, চাপে নয়, পরিস্থিতির কারণে শুক্রবার না করতে অনুরোধ করা হয়েছে।
১৭ জুলাই চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে ২৯ জুলাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি দেশে সন্ত্রাসী হামলাসহ খুন, গুম আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া এবং ইসলামিক ফাউন্ডেশন দেশের মসজিদগুলোতে জুমার খুতবা নির্দিষ্ট করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ আহমদ শফী।