ঢাকা ও থাইল্যান্ড মুদ্রা মানব ও মাদক পাচার বন্ধে সহযোগিতা বাড়াবে
মুদ্রা পাচার রোধের পাশাপাশি মানব ও মাদক পাচার বন্ধে সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড। ব্যাংককে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরিয়োমার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার ওই বৈঠক করেন।জানা গেছে, থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে তাঁর দেশের সহযোগিতার বিষয়ে আগ্রহ দেখান। এ ছাড়া পিরিয়োমা বৈঠকে জানান, বাংলাদেশের ওষুধশিল্পে থাইল্যান্ড যৌথ বিনিয়োগে আগ্রহী। পাশাপাশি থাইল্যান্ডের হাসপাতালগুলোর চাহিদা মেটাতে ওষুধ রপ্তানির সুযোগ কাজে লাগাতে তিনি দীপু মনিকে অনুরোধ করেন।বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির জন্য থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান দীপু মনি। পাশাপাশি পর্যটন খাতে থাইল্যান্ডের যে অভিজ্ঞতা রয়েছে, এর আলোকে বাংলাদেশকে এ খাতে সহযোগিতার জন্য সহায়তা চান।এশিয়া ও ইউরোপের জোটের (আসেম) সদস্য পদে বাংলাদেশের প্রার্থিতা বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। এ ছাড়া বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও বহুপক্ষীয় জোটে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাঁরা সম্মত হয়েছেন।