ঢাকা ও নারায়ণগঞ্জে ১৭ হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ঢাকার সাভার ও ধামরাই উপজেলায় বার্ড ফ্লু আক্রান্ত সন্দেহে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ১৭ হাজার ৩৬১টি মুরগি নিধন করা হয়েছে। এর মধ্যে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়রের খামারের সাড়ে ১১ হাজার মুরগি রয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র মজিবুর রহমানের মালিকানাধীন ভূইয়া পোল্ট্রি ফার্মে কয়েকদিন ধরে বেশ কিছু মুরগি মারা যায়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন গিয়ে মৃত মুরগি সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে (সিডিআইএল) পাঠায়। পরীক্ষায় ওই মৃত মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ভাইরাস পাওয়া যায়। সঙ্গে সঙ্গে গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পোল্ট্রি ফার্মের সাড়ে ১১ হাজার মুরগি নিধন করে মাটিতে পুতে ফেলা হয়। কাঞ্চন পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে তাঁর পোল্ট্রি ফার্মের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা গ্রামের ‘স্টার পোল্ট্রি’ নামের একটি খামারের মুরগি মরছিল। সিডিআইএলে পরীক্ষার পর গত বুধবার ওই খামারটিতে বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বুধবার রাতে খামারটির তিন হাজার ৮১১টি মুরগি নিধন করে মাটিতে পুতে ফেলা হয়।ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত দুইদিনে বারিগাঁও এলাকার অঞ্জুলী পোল্ট্রি ফার্মের বেশ কয়েকটি মুরগি মারা যায়। সিডিআইএলে পরীক্ষায় মৃত মুরগির নমুনায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় খামারটির দুই হাজার ৫০টি মুরগি নিধন করে মাটিতে পুতে ফেলা হয়।এ নিয়ে গত ১৫ দিনে সাভার ও ধামরাইয়ে বার্ড ফ্লু আক্রান্ত আটটি খামারের ২২ হাজার মুরগি নিধন করা হলো। ধামরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন। সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম প্রথম আলোকে বলেন, সাভারে ব্যাপক হারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ছে। বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার কারণে গত ১৫ দিনে সাভারের সাতটি খামারের ২০ হাজার মুরগি নিধন করা হয়।