ঢাকা ও পাকশীতে জিআরপির নতুন দুটি জেলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও পাকশীতে রেল পুলিশের আরও দুটি জেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে জিআরপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর জিআরপির জেলা সুপারের কার্যালয়ে রেলওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মল্লিক ফখরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
মল্লিক ফখরুল ইসলাম বলেন, বর্তমানে জিআরপির দুটি প্রশাসনিক জেলা রয়েছে। একটি সৈয়দপুরে, অপরটি চট্টগ্রামে অবস্থিত। রেলের পশ্চিমাঞ্চলের সৈয়দপুর ও পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলা দুটি ২৪টি জিআরপি থানা ও ৩২টি ফাঁড়ি নিয়ন্ত্রণ করে। সারা দেশের বিস্তীর্ণ রেলপথ ও রেলওয়ে স্থাপনা দেখভালের জন্য পুলিশ সদস্যের সংখ্যা এক হাজার ৬৬৫ জন, যা খুবই অপ্রতুল। এ কারণে নতুন এক হাজার ৪৪১ জন পুলিশ সদস্য নিয়োগের প্রস্তাব করা হয়েছে। ওই প্রস্তাবে পূর্বাঞ্চলের ঢাকা ও পশ্চিমাঞ্চলের পাকশীতে আরও দুটি নতুন জেলার কথা উল্লেখ রয়েছে।
ফখরুল ইসলাম ১৯ অক্টোবর ঢাকায় রেলওয়ে রেঞ্জে যোগ দেন। এরপর সৈয়দপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম দেখতে তিনি এখানে আসেন। মঙ্গলবার বিকেলে সৈয়দপুর জিআরপি পুলিশ লাইনে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ১২টি জিআরপি থানার পরিদর্শকদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় অস্ত্র, মাদক উদ্ধার, ঝুঁকিপূর্ণ এবং ভালো কাজ করার জন্য জিআরপির ১০ জন সদস্যকে পুরস্কার দেওয়া হয়।