
ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে গতকাল রোববার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হাবিবকে গ্রেপ্তারের পর রাজধানীতে ও রাজধানীর বাইরে যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনদেনের (মানি লন্ডারিং) মামলায় রায় ঘোষণার আগেই গতকাল বগুড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এমনকি রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার পরও যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত ২০টি যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
ঢাকায় পুলিশ ও দলীয় সূত্র জানিয়েছে, হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে নেতা-কর্মীরা যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটান। মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে হাবিবকে গ্রেপ্তার করে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা রাত পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।
সাম্প্রতিক সময়ে কয়েকটি গাড়ি পোড়ানোর ঘটনার মামলার আসামি হাবিবুর রশীদ। এর মধ্যে ১০ নভেম্বর রাজধানীর লক্ষ্মীবাজারে পেট্রলবোমা ছুড়ে একটি হিউম্যান হলারে অগ্নিসংযোগ করা হলে পাঁচজন দগ্ধ হন।
হাবিবকে গ্রেপ্তারের পর দুপুরে রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেল পৌনে চারটায় পল্টন মোড়ের কাছে তোপখানা রোডে (সচিবালয়ের উল্টো দিকে) ঢাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। এর আগে বেলা সাড়ে তিনটার পর ফকিরেরপুল মোড়ে ইউনিক পরিবহনের দূরপাল্লার যাত্রী পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পরই মতিঝিলের এজিবি কলোনির সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফবাসে আগুন দেওয়া হয়। বিকেল সোয়া চারটার দিকে মালিবাগের হাজীপাড়া এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১১টার দিকে খিলগাঁওয়ে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় নেতা-কর্মীরা গতকাল বিকেলে মানিকগঞ্জের ঘিওর ও মূলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে খুলনাগামী এ কে ট্রাভেলসের একটি দূরপাল্লার বাস ও একটি পিকআপ ভাঙচুর করেন। বাস ভাঙচুরের সময় কাচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
বগুড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ: বগুড়া প্রতিনিধি জানান, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ লেনেদেনের মামলায় রায় ঘোষণার আগেই বগুড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। রায়ে তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার পরও তাঁরা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও যাত্রী বহনকারী অটোরিকশাসহ অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন ও আগুন দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রায় ঘোষণার আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। আগুন ধরিয়ে দেন একটি পণ্যবাহী ট্রাকে। একই সময়ে শহরের উপকণ্ঠ মাটিডালি এলাকায় যাত্রীবাহী একটি বিআরটিসির বাসে হামলা চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেন এবং বগুড়া-মোলামগাড়ী সড়কের ঘোড়াধাপ এলাকায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন।
দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করা হয় এবং তারেক রহমানকে বেকসুর খালাস দেন আদালত। এর পরও সোয়া ১২টার দিকে শহরের সাতমাথা-শেরপুর সড়কের পুলিশ লাইন ও পলিটেকনিট ইনস্টিটিউটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এতে আহত হন ওই বাসের চার যাত্রী। পুলিশ শটগানের গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আটক করা হয় পাঁচজনকে।
ওই ঘটনার পরপরই শহরের দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর এলাকায় বেশ কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। অগ্নিসংযোগ করা হয় একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে। এ ছাড়া রায় ঘোষণার আগে ও পরে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান, গোকুল ও বাঘোপাড়া এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘তারেক রহমান খালাস পাওয়ায় আমরা আনন্দ মিছিল করেছি, শুকরিয়া আদায় করেছি। সহিংসতার ঘটনার সঙ্গে আমাদের দলের নেতা-কর্মীরা জড়িত ছিলেন না।’
হরতালের পরিকল্পনা থেকে আনন্দ মিছিল: দলীয় সূত্র জানায়, রায় তারেক রহমানের বিপক্ষে যেতে পারে—এমন আশঙ্কায় বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে হরতালের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা জানান, রায় ঘোষণার পরপরই দলের কর্মসূচি ও সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু পরে তারেকের খালাসের খবরের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন নেতা-কর্মীরা। তাঁরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। বাদ্যযন্ত্রের সঙ্গে চলে মুহুর্মুহু পটকা আর আতশবাজি ফোটানো। আনন্দ মিছিল থেকে পথচারী ও রাস্তার পাশের ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ করা হয়।
ঈশ্বরদীতে আনন্দ মিছিলে হামলা, সংঘর্ষ: ঈশ্বরদী প্রতিনিধি জানান, তারেক রহমানের খালাসের খবরে বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপি শহরে আনন্দ মিছিল বের করে। রেলগেট থেকে শুরু করে ঈশ্বরদী বাজার অতিক্রম করার সময় হঠাৎ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বাজারের পাশে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।
এ সময় উভয় পক্ষই ককটেলের ব্যাপক বিস্ফোরণ ঘটায় ও গুলির ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয় একটি আবাসিক হোটেল।
ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু অভিযোগ করেন, ‘আমাদের শান্তিপূর্ণ আনন্দ মিছিলে আওয়ামী লীগের কর্মীরা পেছন থেকে বোমা হামলা চালান।’