সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকা ও বরিশাল বিভাগে প্রায় সাড়ে তিন লাখ লোক নাম নিবন্ধন করেছেন। তিন দিন ধরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দুই বিভাগে এই নিবন্ধন হয়।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নিবন্ধনের বিষয়টি তদারকি করছে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে নিবন্ধন চলেছে। এই নিবন্ধনের জন্য ৫০ টাকা করে ফি নেওয়া হচ্ছে।বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, রাত আটটা পর্যন্ত ঢাকা ও বরিশাল বিভাগে মোট তিন লাখ ৩৯ হাজার লোক নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে দুই লাখ ৭৮ হাজার এবং বরিশাল বিভাগে ৩৯ হাজার। বিকেল পাঁচটা পর্যন্ত দীর্ঘ লাইনে ছিলেন এমন অনেকের নিবন্ধন এর পরও হয়েছে।বিএমইটি সূত্রে জানা গেছে, আজ ১৬ জানুয়ারি এই দুই বিভাগের নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মী নির্বাচন করা হবে।মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। সারা দেশে এই খাতে কর্মী পাঠানোর জন্য নাম নিবন্ধন চলছে।রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে। এখানে লটারি হবে ১৯ জানুয়ারি। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন হবে। লটারি হবে ২২ জানুয়ারি।