বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে গতকাল বুধবার ঢাকা ও যশোরে ১৮টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে অগ্নিনির্বাপক যন্ত্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে উৎপাদন, বিক্রি ও বাজারজাত করায় অলিম্পিয়া কমপ্লেক্সকে দেড় লাখ টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়াও আদালত ওই প্রতিষ্ঠানের মালিক ও মহাব্যবস্থাপকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন। জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় ওই এলাকার সিটি ফিলিং স্টেশনকে একই আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা ও যশোরে অভিযান চালিয়ে ১৬টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব মো. আবদুর রাশেদ খানের নেতৃত্বে আজ ঢাকায় পরিদর্শনমূলক অভিযান চালানো হয়। ঢাকার কর্ণফুলী গার্ডেন সিটিতে নন্দন মেগাশপ, ঐশর্য, মাইসা কসমেটিকস, জর্ডানা বাজার, জেসমিন কসমেটিকসকে বিভিন্ন মোড়কজাত পণ্যের মোড়কের গায়ে উৎপাদন তারিখ বা সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় ধারা ৩৭ অনুযায়ী ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। খোকন ফ্রেশ ফুড রেস্টুরেন্ট, মেরিফুড, কোল অ্যান্ড কোলকে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণও বিতরণ করায় ধারা ৪৩ অনুযায়ী ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।এই অধিদপ্তরে কর্মরত উপসচিব শাহ আলমের নেতৃত্বে যশোর জেলা সদরে পরিচালিত অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার দায়ে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।