ঢাকা ও রাজশাহীতে ককটেল ও গানপাউডার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডের একটি মেস থেকে গত রোববার গভীর রাতে ২০৭টি ককটেল, আধা কেজি গানপাউডার-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে রাজশাহীর বিনোদপুর থেকে অর্ধশত ককটেল ও পাঁচ কেজি গানপাউডার উদ্ধার করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন এরশাদুজ্জামান (৩৮), সিরাজুল ইসলাম (৪০) ও মো. নান্নু (৪২)। তাঁদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, ফেস্টুন, পতাকা ও বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গতকাল সোমবার জানান, শুক্রবার মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে শিবিরের কর্মী সাজিদ গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরির কয়েকটি কারখানার সন্ধান পায় পুলিশ। এরই অংশ হিসেবে রোববার রাত ১২টার দিকে রাজিয়া সুলতানা রোডের একটি মেসে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। মেসটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা বোমা-ককটেল বানিয়ে আসছিলেন। তাঁদের কাছ থেকে যে পরিমাণ গানপাউডার উদ্ধার হয়েছে, তা দিয়ে অন্তত ৬০টি বোমা বানানো সম্ভব।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, ওই মেস থেকে মোট ২০৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের ওই ককটেলগুলো অনেক শক্তিশালী। এগুলোতে গানপাউডার, কাচের গুঁড়া ও লোহার ছোট বল ব্যবহার করা হয়েছে। তিনি জানান, ওই মেসে মোট নয়জন থাকেন। তাঁরা তিনজনকে ধরেছেন। বাকিদের ধরার চেষ্টা চলছে। ওই তিনজনের বিরুদ্ধে গতকাল মামলা করেছে পুলিশ।
রাজশাহী: যৌথ বাহিনীর সূত্র জানায়, রাজশাহী নগরের বিনোদপুরে ইটের দেয়ালঘেরা একটি জায়গায় শিবিরের কর্মীরা অস্ত্রশস্ত্র জমা রাখেন—এমন খবরের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে দুটি ব্যাগ পায়। এর একটিতে ৪৫টি ককটেল ও অপরটিতে পাঁচ কেজি গানপাউডার ছিল। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
নগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বিনোদপুরের আগে যৌথ বাহিনী ডাঁশমারী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মহানগর বিএনপির সহসভাপতি ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীকে আটক করা হয়। তিনি তাঁর বাড়ির পাশে আত্মীয়র বাসায় লুকিয়ে ছিলেন।
মনিরুল জানান, শাহজাহান আলী সম্প্রতি বোমা মেরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও পুলিশের ওপর হামলার অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া রোববার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকা থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।