ঢাকা ও সোফিয়ার মধ্যে সহযোগিতায় গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা
শেখ হাসিনা

ঢাকা এবং সোফিয়ার মধ্যে অর্থপূর্ণ ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেভনিলিয়েভ বলেছেন, দুই দেশ শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতে একযোগে কাজ করে সম্ভাবনার দ্বারকে অবারিত করতে পারে।
বুলগেরিয়া সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে প্রেসিডেন্ট প্রাসাদে রোজেন প্লেভনিলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছালে রোজেন প্লেভনিলিয়েভ তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান। সৌজন্য সাক্ষাতের আগে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। বুলগেরিয়ার প্রেসিডেন্ট বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের দ্রুত আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে বিভিন্ন দেশ বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে বলেও তিনি অভিমত দেন।
বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের প্রসঙ্গে বুলগেরিয়ার প্রেসিডেন্ট বলেন, তাঁরা সিজনাল অভিবাসীদের ‘ব্লু কার্ড’ দেওয়ার মাধ্যমে অল্প সময়ের জন্য কাজের সুযোগ দিয়ে থাকেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বুলগেরিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বুলগেরিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের বিশেষ জায়গা জুড়ে রয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে কৃষি, তথ্যপ্রযুক্তি, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বুলগেরিয়ার সঙ্গে বিনিময় করতে চায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে বুলগেরিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করেন। শেখ হাসিনা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বুলগেরিয়ার বৃহত্তম জাদুঘরটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রত্যক্ষ করেন।
ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ: গতকাল সকালে সোফিয়ার হোটেল মেরিনিলার সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বুলগেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে বুলগেরিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।