ঢাকা ও ১০ জেলায় আরও বিজিবি চাওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগরে ২২ প্লাটুন বিজিবি চাওয়া হয়েছে। সারা দেশের বিভিন্ন স্পর্শকাতর জেলাসহ ১০ জেলা থেকে ৫২ প্লাটুন বিজিবি সদস্য দিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিজিবি মোতায়েনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলন কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং এ-সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য কোর কমিটি গঠন করেছে সরকার। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য সংখ্যা ১০ জন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে ২১ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কমিটিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) কোর কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন মহানগর পুলিশ কমিশনার, বিজিবির রিজিয়ন কমান্ডার, উপমহাপুলিশ পরিদর্শক, ডিজিএফআইয়ের বিভাগীয় অফিস প্রধান, র‌্যাব অধিনায়ক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার, এনএসআইয়ের বিভাগীয় অফিস প্রধান, আনসার ও ভিডিপির পরিচালক এবং হাইওয়ে পুলিশ সুপার।
আদেশে বলা হয়েছে, এ কমিটি আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিভিন্ন সূত্র থেকে আগাম তথ্য সংগ্রহ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র জানায়, হরতালে দেশে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের কার্যালয় থেকে ৫২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের চাহিদাপত্র পাওয়া গেছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।