ঢাকা ওমেনস ম্যারাথন কাল
দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ঢাকা ওমেনস ম্যারাথন, ২০১৬’। কাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে এ ম্যারাথন শুরু হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্যোগে ও এভারেস্ট একাডেমির আয়োজনে এ ম্যারাথন পরিচালনা করবে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। কাল সকাল সাতটায় টিএসসিতে ঢাকা ওমেনস ম্যারাথন উদ্বোধন করবেন অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল ও বর্ষা। এ ছাড়া ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং মেয়র সাঈদ খোকন উপস্থিত থাকবেন।
১০ কিলোমিটারের এই ম্যারাথন কাল সকাল নয়টায় টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন মোড়, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, আজিমপুর মোড়, পলাশীর মোড়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, ঢাকা অফিসার্স ক্লাব, হলি ফ্যামিলি হাসপাতাল, ইস্কাটন গার্ডেন রোড ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ইন্টারসেকশন, হোটেল রূপসী বাংলা, শাহবাগ হয়ে টিএসসিতে এসে শেষ হবে। ১০ কিলোমিটার জন্য সময় বরাদ্দ রাখা হয়েছে ১ ঘণ্টা ২৫ মিনিট।
ম্যারাথনের পাঁচটি বিরতি স্থানের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি সরবরাহ করা হবে। এ ছাড়া দুটি অ্যাম্বুলেন্স, দুটি প্যারামেডিক ও মেডিকেল টিম, চার শতাধিক স্বেচ্ছাসেবক ম্যারাথনে সহযোগিতা করবেন। মূল ম্যারাথনের পুরো রুটে ম্যারাথন চলার সময় যানবাহন বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় সার্বিক নিরাপত্তায় র্যা ব ও পুলিশ সহযোগিতা করবে। ওয়ান ডিগ্রি ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব, এভারেস্ট ফাউন্ডেশনের মতো আরও অনেক সংগঠন এই ম্যারাথনে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে। এ ছাড়া মূল ম্যারাথন শেষে মম-এ-থন শীর্ষক সন্তানসহ মায়েদের ১০০ মিটারে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকা ওমেনস ম্যারাথনে প্রথম তিনজনকে ট্রফি, পাঁচজনকে নগদ অর্থ পুরস্কার, প্রথম ১০০ জনকে মেডেল এবং সকল ম্যারাথন সম্পন্নকারীকে সনদ প্রদান করা হবে। ম্যারাথনে অর্থ পুরস্কারের স্পনসর হিসেবে থাকছে অ্যাকশনএইড বাংলাদেশ।
ম্যারাথনে অংশ নিতে www.women.theskymarathon.com-এ নিবন্ধন করা যাবে। ফেসবুকে বিস্তারিত জানা যাবে www.facebook.com/DHKWM; Dhaka women’s Marathon 2016-এ। বিজ্ঞপ্তি।