ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে চ্যালেঞ্জ রয়েছে: মার্কিন মন্ত্রী ফাতেমা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে চ্যালেঞ্জ থাকার কথা স্বীকার করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফাতেমা সুমার। তবে তাঁর মতে, এ চ্যালেঞ্জ সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করা উচিত হবে না। বরং দুই পক্ষের উচিত সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে নিয়ে সম্পর্ক সম্প্রসারণে কাজ করা।
গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন ঢাকা সফরে আসা মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফাতেমা সুমারের সাক্ষাৎ হয়।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ‘লক্ষণীয় অগ্রগতির’ প্রশংসা করেন ফাতেমা সুমার। এ সময় শাহরিয়ার আলম তাঁকে বলেন, সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের অঙ্গীকার পূরণে এ পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। সংশোধিত শ্রম আইনের (২০১৩) সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ইপিজেড আইনে পরিবর্তন আনার জন্য কাজ করছে।
আলোচনার সময় দুই মন্ত্রী আঞ্চলিক যোগাযোগ নিয়ে কথা বলেন। এ সময় শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন জ্বালানি সহযোগিতার একটি সাফল্যের দৃষ্টান্ত।
ফাতেমা সুমার বলেন, ‘দক্ষিণ এশিয়াকে কীভাবে প্রেসিডেন্ট ওবামার পুনর্ভারসাম্যমূলক এশিয়া নীতিতে স্থান দেওয়া যায়, সেটি আমরা দেখছি। কারণ দক্ষিণ এশিয়ার ১৬০ কোটি ক্রেতাকে আমরা উপেক্ষা করতে পারি না।’