ঢাকা ওয়াসা ও পাউবোর দুর্নীতি প্রমাণ হলেও শাস্তি হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও কর্মচারীরা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। দুর্নীতি ও অনিয়ম প্রমাণ হওয়ার পরেও তাদের শাস্তি না হওয়া এবং জবাবদিহিতা নিশ্চিত না হওয়ার ঘটনা ঘটছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ ওয়াটার ইন্টেগ্রিটি নেটওয়ার্কের (বাউইন) একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আজ রোববার এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় শুদ্ধাচার: বর্তমান প্রেক্ষিত ও উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পানি খাতে সুশাসন নিশ্চিত করতে ও পানি ব্যবস্থাপনাকে জাতীয় শুদ্ধাচারের আওতায় আনতে টিআইবি ও বাউইন নয় দফা দাবি পেশ করে। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান এবং অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম।
গবেষণার ফলাফল তুলে ধরতে গিয়ে অধ্যাপক তৌহিদ বলেন, ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাজনৈতিক নেতা ও দালালদের যোগসাজশ তৈরি হচ্ছে। এর মধ্যদিয়ে নিয়ম-বহির্ভূতভাবে পানি সরবরাহ ব্যবস্থার ঠিকাদারি কাজের কার্যাদেশ পরিবর্তন ও অতিরিক্ত কাজের অনুমোদনের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া নিয়ম-বহির্ভূতভাবে কর্মকর্তা নিয়োগ ও বিজ্ঞাপন না দিয়ে নিয়োগ দেওয়ার ঘটনাও ঘটছে সংস্থাটিতে।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত পরিচালিত ওই গবেষণাটিতে আরও বলা হয়, ওয়াসার কর্মকর্তাদের একাংশ স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে মিলে সংস্থাটির নিজস্ব জমিও দখল করছে। অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর বিরুদ্ধে প্রকল্প প্রস্তাবনায় উল্লিখিত কারিগরি নির্দেশনা না মেনে প্রকল্প বাস্তবায়ন না করা, বাঁধের জন্য নির্ধারিত জিওব্যাগ ব্যবহার না করা, ২৬টি ড্রেজারের পরিবর্তে ২২টি ড্রেজার ব্যবহার ও ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান এবং বাউইন সমন্বয়কারী সনজীব বিশ্বাস সঞ্জয়।
টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির এই প্রতিবেদনটির উদ্দেশ্য ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড যাতে তাদের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো মোকাবিলা করে সামনের দিনগুলোতে আরও ভালোমতো কাজ করতে পারে। এ জন্য প্রতিবেদনটির খসড়া সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোতে দেখানো হয়েছে। তাদের মতামতও এতে যুক্ত করা হয়েছে।
গম কেলেঙ্কারির পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ করা উচিত কিনা সাংবাদিকদের পক্ষ থেকে এই প্রশ্ন করা হলে ইফতেখারুজ্জামান বলেন, নৈতিকভাবে ওই দুজনের মন্ত্রী পদে থাকা উচিত না। তদন্তের স্বচ্ছতার স্বার্থে তাদের পদত্যাগ করা উচিত।
ইফতেখারুজ্জামান বলেন, বাউইন হলো ২০০৯ সালে টিআইবি’র উদ্যোগে পানি খাতের ১৭টি বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক।
প্রতিবেদনটিতে দেশে বিদ্যমান পানি বিষয়ক নীতি, আইন ও বিধি সংশ্লিষ্ট ২৯টি সরকারি নথিপত্র বিশ্লেষণ এবং ঢাকা ওয়াসা ও বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের পানি ব্যবস্থাপনা ও সেবাদান প্রক্রিয়ায় সততার মাত্রা নিরূপণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দুর্বল আইন এবং তার সঠিক বাস্তবায়নের নির্দেশিকার অভাবে পানি ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না।
ইফতেখারুজ্জামান আরও বলেন, “গ্রাহকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সব এলাকায় ঢাকা ওয়াসা তাদের সেবা প্রদান করতে পারে না। এ ক্ষেত্রে আয় অনুযায়ী এলাকা ভিত্তিক বৈষম্য বিরাজ করছে। দালালদের কারণে পানি সরবরাহ নিয়ন্ত্রণে এলাকা-ভিত্তিক সিন্ডিকেটের মাধ্যমে কর্মকর্তাদের একাংশের উৎপাত এখনো বিরাজমান। ঢাকা ওয়াসা সম্পর্কে গ্রাহকের সন্তুষ্টির মানও সন্তোষজনক নয়। অনেক অভিযোগ গ্রহণ করা হয় কিন্তু সে অনুযায়ী পদক্ষেপ না নেওয়ায় এর সুফল অনেকেই পান না। যথাযথ সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”