ঢাকা ওয়াসার প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘এমডির নিয়োগ নিয়ে বিব্রত ওয়াসা বোর্ড’ শিরোনামে ২৫ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের জনতথ্য বিভাগ থেকে পাঠানো প্রতিবাদে বলা হয়েছে, ‘ওয়াসা বোর্ড বিব্রত’ বলে কোনো বৈধ কার্যবিবরণী ঢাকা ওয়াসা থেকে প্রকাশিত হয়নি। ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের নিজ উদ্যোগে প্রকাশ করা ওই কার্যবিবরণী অবৈধ।
প্রতিবাদের একই অনুচ্ছেদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি চিঠির উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, সরকারের সিদ্ধান্তে বিব্রত বোধ করা মানে সরকারের নির্দেশ পালনে ব্যর্থ হওয়া। এ ধরনের ব্যর্থতার জন্য ওয়াসা আইনানুযায়ী বোর্ডকে অপসারণের বিধান আছে।
প্রথম আলো: প্রতিবাদে বোর্ডের কার্যবিবরণীকে অবৈধ বলা হয়েছে। কিন্তু প্রতিবাদে এ বিষয়ে মন্ত্রণালয়ের যে চিঠির উদ্ধৃতি দেওয়া হয়েছে, তাতে ওই কার্যবিবরণীকে অবৈধ বলা হয়নি। বরং একে স্বীকার করে নেওয়া হয়েছে। চিঠিতে বোর্ডকে বিশেষ সভা ডেকে তাদের আগের সিদ্ধান্ত ‘পর্যালোচনা-পূর্বক বাতিল করার পরামর্শ’ দেওয়া হয়েছে।
আর মন্ত্রণালয়ের এই চিঠি প্রসঙ্গে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ প্রথম আলোকে বলেছেন, এই চিঠি নিয়মবহির্ভূত। বোর্ডকে বা বোর্ডের চেয়ারম্যানকে সরকারের পক্ষ থেকে কেবল মন্ত্রী চিঠি দিতে পারেন।
প্রতিবাদ: ওয়াসা বোর্ডের তামাদি সিদ্ধান্তের ভিত্তিতে এমডি নিয়োগের তথ্য ঠিক নয়।
প্রথম আলো: এ বিষয়ে বোর্ডের কার্যবিবরণী ও মন্ত্রণালয়ের চিঠির তথ্য প্রনিধানযোগ্য। ওয়াসা বোর্ডের কার্যবিবরণীর তথ্য হলো, গত ১ সেপ্টেম্বর ওয়াসা বোর্ডের ২১০তম সভায় সংস্থার এমডি পদে পুনর্নিয়োগের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী দেশে ফিরে না আসা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ইস্যু করা একটি পত্রে জানানো হয়, বোর্ডের ১৯৮তম সভার সুপারিশ অনুযায়ী, বর্তমানে এমডি তাকসিম এ খানকে আরও দুই বছরের জন্য নিয়োগ করেছে সরকার। আর মন্ত্রী দেশে ফেরেন ৭ সেপ্টেম্বর। ১৯৮তম সভার সুপারিশে আগেও একবার এমডি নিয়োগ দেওয়া হয়েছিল, ওয়াসা বোর্ডই একে তামাদি সিদ্ধান্ত বলেছে।
আর প্রতিবাদপত্রে উদ্ধৃত করা মন্ত্রণালয়ের (২৬ নভেম্বরের) চিঠিতে দেওয়া আছে ভিন্ন তথ্য। তাতে বলা হয়, ‘২১০তম সভায় মন্ত্রীর সঙ্গে আলোচনার উল্লেখ করা হয়েছে। কিন্তু মন্ত্রী কোনো সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রণালয় অবগত নয়।’
প্রতিবাদ: এমডির নিয়োগ চ্যালেঞ্জ করে এর আগে জনৈক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ রিট করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। সে তথ্য আদালতকে না জানিয়ে আরিফুর রহমান মিয়া দ্বিতীয় রিট করেন।
প্রথম আলো: আরিফুর রহমান মিয়ার করা রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। প্রথম আলো শুধু সেই তথ্যই প্রকাশ করেছে।