ঢাকা কমিটি নিয়ে আজ বসবেন খালেদা

নতুন করে আন্দোলন শুরু করতে ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে আজ সোমবার রাতে নগর কমিটির সঙ্গে বসছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন, দল গোছানোর পর তাঁরা আবার আন্দোলন শুরু করবেন। এর এক দিন পর দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন ছাত্রদলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর পুনর্গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা মহানগর বিএনপিকে ডেকেছেন। তিনি সবার কথা শুনবেন। নতুন কমিটির বিষয়ে তিনি এখনো কিছু জানেন না বলে জানান।
বিএনপির স্থায়ী কমিটির তিনজন সদস্য প্রথম আলোকে বলেছেন, ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কবে তা হবে এবং কাকে দায়িত্ব দেওয়া হবে—এখন পর্যন্ত দলীয় চেয়ারপারসন এসব বিষয় নিয়ে তাঁদের সঙ্গে কোনো আলাপ করেননি। তবে অল্প সময়ের মধ্যেই কমিটি পুনর্গঠন করা হবে বলে তাঁরা মনে করছেন।
স্থায়ী কমিটির সদ্য কারামুক্ত একজন সদস্য প্রথম আলোকে বলেন, কাকে মূল দায়িত্ব দেওয়া হবে তা হয়তো চেয়ারপারসন এককভাবে সিদ্ধান্ত নেবেন।
২০১১ সালের মার্চ থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে ঢাকা মহানগর বিএনপি। কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা এখনো কারাগারে। সূত্র জানায়, সাদেক হোসেন খোকাকে কারাগারে রেখে কমিটি করা নিয়ে দলের মধ্যে দুই ধরনের মত আছে। সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। কেউ কেউ মনে করছেন, খোকাকে কারাগারে রেখে কমিটি করা শোভন হবে না। আরেক পক্ষের যুক্তি, খোকা কারাগারে থাকলেও প্রয়োজনীয় কথাবার্তা তাঁর সঙ্গে দেখা করে বলা যাচ্ছে। তাঁর মুক্তির জন্য অপেক্ষা করলে কমিটি পুনর্গঠন ঝুলে যেতে পারে। তাই তাঁরা দ্রুত কমিটি পুনর্গঠনের পক্ষে।
নির্দলীয় সরকারের দাবি আদায়ের আন্দোলনে তৃণমূলের নেতা-কর্মীরা মাঠে থাকলেও ঢাকার মাঠ ছিল কার্যত নেতা-কর্মীশূন্য। এ নিয়ে দলের তৃণমূলেও ক্ষোভ আছে। ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে কেউ মাঠে ছিলেন না। দলীয় সূত্র জানায়, এর জন্য মূলত ঢাকা মহানগরকেই দুষছেন দেশের অন্যান্য এলাকার নেতা-কর্মীরা। তাঁরা মনে করছেন, ঢাকা মহানগর সক্রিয় হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।
তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম। প্রথম আলোকে তিনি বলেন, ঢাকায় শুধু মহানগর কমিটি আছে তা নয়। এখানে কেন্দ্রও। দলের মহাসচিব থেকে শুরু করে কেন্দ্রীয় কোনো নেতাই রাস্তায় নামতে পারেননি। কারণ এখানে পুলিশ দেখামাত্রই গুলি করেছে। এখনো মিছিল-সমাবেশ করতে দিচ্ছে না। তিনি বলেন, বিএনপি সহিংসতা চায় না। বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।