ঢাকা কমিটিকে ব্যর্থ বললেন খালেদা জিয়া
ঢাকা মহানগর কমিটিকে ব্যর্থ কমিটি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর কমিটির নেতাদের সঙ্গে এক বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এ মন্তব্য করেন।
বৈঠকের একটি সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড, থানা এবং ঢাকা মহানগরের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। বর্তমান কমিটিকে ব্যর্থ বলে মন্তব্য করে তিনি বলেছেন, নতুন, পুরোনো এবং যারা সক্রিয় তাঁদের নিয়ে কমিটি গঠন করা হবে। বর্তমান কমিটির অনেকে বাদ পড়বেন বলেও বিএনপির চেয়ারপারসন জানিয়েছেন।
বৈঠক শেষে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম সাংবাদিকদের বলেন, কাউন্সিল করে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড, থানা এবং ঢাকা মহানগরের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। আন্দোলন কর্মসূচিতে মাঠে না থাকার ব্যাপারে চেয়ারপারসন জানতে চাইলে তাঁকে জানানো হয়েছে, পুলিশের গুলি, মামলা এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলার কারণে তাঁরা পুরোপুরি মাঠে থাকতে পারেননি। তবে তাঁরা আন্দোলন, বিক্ষোভসহ নানা কর্মসূচিতে মাঠে থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আর এ গণি এবং ঢাকা মহানগরের থানা এবং ওয়ার্ড কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
২০১১ সালের ১৪ মার্চ সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক এবং আবদুস সালামকে সদস্যসচিব করে ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়।