ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসে ট্রেনের মধ্যেই (অন বোর্ড) ইমিগ্রেশন চালু করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করবে নয়াদিল্লি। গতকাল শনিবার সন্ধ্যায় সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম জানান, আলোচনাকালে যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য প্রধানমন্ত্রী ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিসে ‘অন বোর্ড’ ইমিগ্রেশন চালু করার প্রস্তাব করেন। জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি খুবই সহজ। ভারত সরকার প্রস্তাবটি সক্রিয়ভাবে বিবেচনা করবে।’উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে বাণিজ্যিক নানা বাধা দূর করার এবং বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।আলোচনাকালে পি চিদাম্বরম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো হত্যাকারী ভারতে অবস্থান করলে ভারত সরকার তাকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে।