ঢাকা-কলকাতা দূরত্ব কমাবে কুষ্টিয়ার প্রাগপুর স্থলবন্দর
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর সীমান্ত থেকে পশ্চিমবঙ্গের কলকাতার দূরত্ব মাত্র ১২০ কিলোমিটার, আর ঢাকার দূরত্ব ২৫০ কিলোমিটার। প্রাগপুরে ভারতীয় সীমান্ত অংশের নাম শিকারপুর। এটি পশ্চিমবঙ্গের কাসিমপুর থানার অন্তর্ভুক্ত। এ সীমান্তে স্থলবন্দর হলে ঢাকা-কলকাতার দূরত্ব হবে প্রায় ৩৭০ কিলোমিটার। কম সময়ে কলকাতা যাওয়ার সহজ পথ হবে এটি।এ প্রসঙ্গে কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, প্রাগপুর সীমান্তে স্থলবন্দর করার জন্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালি ও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের জনপ্রতিনিধিদেরও যোগাযোগ করা প্রয়োজন। এখানে স্থলবন্দর হলে এই অঞ্চলের মানুষ তথা দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা নদীর ছোট্ট একটি শাখা নদী মাথাভাঙ্গা। নদীর এপারের পাড় ঘেঁষে প্রাগপুর বাজার। নদীর পাশেই বিজিবির ক্যাম্প রয়েছে। প্রাগপুরের সঙ্গে ঢাকায় যোগাযোগের সড়কপথও ভালো। আর নদীর ওপারে পাড় ঘেঁষে ভারতের শিকারপুর এলাকা। কাঁটাতারের বেড়া থাকলেও প্রাগপুর সীমান্তের কাছে একটি লোহার দরজা রয়েছে। সেখানেও বিএসএফের ক্যাম্প আছে। শিকারপুর থেকে কলকাতা যেতে মহাসড়ক রয়েছে। প্রয়োজন শুধু প্রায় ৮০ মিটারের ছোট্ট একটি সেতু। মাথাভাঙ্গা নদীর ওপর সেতু হলে সহজেই উভয় দেশের মধ্যে সড়কপথে যোগাযোগ রক্ষা করা সম্ভব।গত বছরের ১ অক্টোবর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুষ্টিয়া সফরে এসে প্রাগপুরে স্থলবন্দর করার ব্যাপারে খোঁজখবর নেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ অক্টোবর প্রাগপুর পরিদর্শনে আসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মফিদুল ইসলাম। তিনি নির্ধারিত স্থান দেখে সন্তোষ প্রকাশ করেন।প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, এই অঞ্চলের মানুষ স্থলবন্দর করতে প্রয়োজনীয় সবকিছু দিতে ইচ্ছুক। এখানে স্থলবন্দর হলে অন্যান্য স্থলবন্দর থেকে ঢাকা-কলকাতা সড়কপথে যোগাযোগের দূরত্ব অনেক কম হবে।কুষ্টিয়া-১ আসনের সাংসদ আফাজউদ্দিন আহমেদ বলেন, স্থলবন্দরের জন্য আবেদন করা হয়েছে। মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আবারও বৈঠক হবে। আশা করা যাচ্ছে, প্রাগপুরে স্থলবন্দর হবে।